সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ছাপাখানার এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট নগরের শাহপরান থানা এলাকার শাহজালাল উপশহরে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম রিংকু বড়ুয়া (৪৪)। তিনি নগরের সুরমা মার্কেটের ‘আকাশ এন্টারপ্রাইজ’ নামের একটি ছাপাখানার স্বত্বাধিকারী। তাঁর মূল বাড়ি চট্টগ্রামের বোয়ালিয়ায়। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকারীদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, রাত নয়টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে তিনি উপশহরের ডি ব্লকের প্রধান সড়কে দুর্বৃত্তদের হামলার শিকার হন। অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর পেটে, বুকে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা রিংকুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাত ১০টায় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। লাশের সুরতহালের পর পুলিশ জানায়, তাঁর শরীরে সাত-আটটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ হত্যাকারীদের শনাক্ত করতে তল্লাশি শুরু করে। এ সময় আবু সালেহ (২৮) নামে একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। শাহপরান থানার ওসি লিয়াকত আলী ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।