সিলেটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। জনতা এক ছিনতাইকারীকে আটক করলেও বাকিরা টাকা নিয়ে পালিয়ে যায়। গতকাল বুধবার নগরের হাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নগরের শাহী ঈদগাহের বাসিন্দা ও ব্যবসায়ী শরিফুজ্জামান চৌধুরী বাড়ি তৈরির নির্মাণসামগ্রী কেনার জন্য দুপুরে ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলেন। ব্যাগভর্তি টাকা নিয়ে অটোরিকশাযোগে হাওয়াপাড়া দিয়ে যাওয়ার সময় দুটি মোটরসাইকেল নিয়ে আসা চার ছিনতাইকারী তাঁর পথরোধ করে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর হাতে ছুরিকাঘাত করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।শরিফুজ্জামানের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করলে ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল রাস্তায় পড়ে যায়। এ সময় জনতা এক ছিনতাইকারীকে আটক করে ধোলাই দেয়। পরে পুলিশ এলে তাঁকে তাদের হাতে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির নাম অপু আহমদ (২৬)। তাঁর বাড়ি দক্ষিণ সুরমার সিলাম এলাকায়।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, আটক অপুকে জিজ্ঞাসাবাদ করে তাঁরা অন্য তিন ছিনতাইকারীকে ধরার এবং টাকা উদ্ধারের চেষ্টা করছেন। ছিনতাইয়ে ব্যবহার করা মোটরসাইকেলটি (সিলেট-হ ১১-৭৫৪০) জব্দ করা হয়েছে। ছিনতাইয়ের শিকার শরিফুজ্জামান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বিকেলে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।