সিলেট নগরের সোবহানীঘাট এলাকায় গতকাল রোববার সবজি ব্যবসায়ী ও ট্রাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ট্রাকের ভাড়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের পর উভয় পক্ষ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নগরের সোবহানীঘাট ট্রেড সেন্টারে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাজি নওয়াব আলী সবজি বাজারের এক ব্যবসায়ী ও একটি পিকআপের চালকের মধ্যে ভাড়া নিয়ে বাগিবতণ্ডা হয়। সোবহানীঘাট সবজি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুন নূর বিষয়টির মধ্যস্থতা করতে গেলে ওই পিকআপের চালক তাঁর ওপর হামলা চালান। এরপর ব্যবসায়ীরা ওই চালককে মারধর করেন। খবর পেয়ে সিলেট জেলা ট্রাকচালক সমিতির নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে সিলেট জেলা ট্রাকচালক সমিতির সভাপতি আবু সরকার, সহসভাপতি দিলু মিয়াসহ অন্তত ১৫ জন ট্রাকশ্রমিক ও পাঁচজন ব্যবসায়ী আহত হন। আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনার পর দুপুর ১২টার দিকে সোবহানীঘাট এলাকায় রাস্তায় খাম্বা ফেলে অবরোধ করেন সবজি ব্যবসায়ীরা। অন্যদিকে ট্রাকশ্রমিকেরা সড়কের আশপাশে রাখা সবজির ভ্যান ভাঙচুর করে রাস্তায় ফেলে ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অবস্থান নেন। উভয় পক্ষের অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বেলা তিনটার দিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, স্থানীয় সাংসদ শফিকুর রহমান ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা অবরোধকারীদের সঙ্গে বৈঠক করেন। এর দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।জেলা ট্রাকচালক সমিতির নেতা আবু সরকার দাবি করেন, ভাড়া নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে ট্রাকচালককে বেধড়ক পেটানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাকশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। সোবহানীঘাট সবজি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুন নূর বলেন, ট্রাকশ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে ট্রেড সেন্টারের ট্রান্সপোর্ট কার্যালয় ও দুটি গাড়ি ভাঙচুর করলে ব্যবসায়ীরা তাঁদের ধাওয়া দেন।সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সদর) রেজাউল করিম প্রথম আলোকে জানান, তুচ্ছ ঘটনা নিয়েই সংঘর্ষ হয়। পরে সিটি করপোরেশনের মেয়র ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন।