সিলেটে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সিলেট নগরের মহাজনপট্টি এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের গুদামঘর থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম বাহার উদ্দিন (৪০)। মহাজনপট্টির কালীঘাট এলাকায় তাঁর প্লাস্টিকের আসবাবের দোকান ছিল। বাহারের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের এরুয়াখাই গ্রামে। তিনি ব্যবসার জন্য সিলেট নগরের রায়নগর এলাকার দর্জিবন্ধ মসজিদ কোয়ার্টারে থাকতেন।
পুলিশ জানায়, গত শনিবার রাত থেকে বাহারের খোঁজ মিলছিল না। ব্যবসাপ্রতিষ্ঠানটিও বন্ধ ছিল। সকালে এ বিষয়টি বাহারের আত্মীয় ও ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। দুপুর থেকে সিলেট কোতোয়ালি থানা-পুলিশের একটি দল বাহারের খোঁজ শুরু করে। বিকেল চারটার দিকে বাহারের দোকানঘর লাগোয়া গুদামঘরে ব্যবসায়ীসহ পুলিশের একটি দল গিয়ে লাশ পায়।
কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ বলেন, মরদেহে কিছু জখমের চিহ্ন রয়েছে। হাত ও পা বেঁধে শ্বাসরুদ্ধ করে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।