সিলেটে ব্র্যাক কর্মকর্তা খুনের মামলায় তিনজনের যাবজ্জীবন
সিলেটে ব্র্যাক কর্মকর্তা খুনের মামলার রায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক মো. মঞ্জুরুল হক খান এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হচ্ছে সিলেটের ওসমানীনগর থানার তাজপুর এলাকার বাদশা মিয়া, নুরুল ইসলাম ওরফে নাহিদ ও নূরুল ইসলাম। এর মধ্যে দুজন কারাবন্দী ও একজন পলাতক। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ব্র্যাকের তাজপুর শাখার কর্মসূচি সংগঠক সওগাত হোসেনকে (৩৫) ২০১১ সালের ৭ নভেম্বর দুর্বৃত্তরা খুন করে একটি ব্যাংকের পাশের ডোবায় ফেলে রাখে। পরদিন তাঁর লাশ উদ্ধার করে এ ঘটনায় দুর্বৃত্তদের আসামি করে ব্র্যাকের এরিয়া ম্যানেজার আবদুল কাদের ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা করেন। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার তদন্ত করে খুনি শনাক্তের পর দুজনকে গ্রেপ্তার করেন। পরে এরা ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। মামলার মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।