সিলেটে ব্র্যাক ব্যাংকের কোটি টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল রোববার ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা ছিনতাই হয়েছে। সিলেটে ব্র্যাক ব্যাংকের দুটি শাখা থেকে ওই অর্থ বিশ্বনাথ শাখায় স্থানান্তর করার সময় এ ঘটনা ঘটে। তবে এ সময় পুলিশ কিংবা ব্যাংকের কোনো নিরাপত্তাকর্মী সঙ্গে ছিলেন না বলে জানা গেছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ব্র্যাক ব্যাংকের সিলেট নগরের বন্দরবাজার ও দক্ষিণ সুরমা শাখা থেকে নগদ এক কোটি টাকা বিশ্বনাথ শাখায় নেওয়া হচ্ছিল। বিশ্বনাথ শাখার সহকারী ব্যবস্থাপক গহর আলতাব চৌধুরী একটি ব্যক্তিগত গাড়িতে করে ওই অর্থ নিয়ে বিশ্বনাথের উদ্দেশে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে পুলিশ কিংবা ব্যাংকের কোনো নিরাপত্তাকর্মী ছিল না। পথে বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আতিরবাড়ির কাছে আলতাব সশস্ত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনটি মোটরসাইকেলে করে নয়জন ছিনতাইকারী গাড়িটি আটকে অস্ত্রের মুখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। নিরাপত্তাকর্মী ছাড়াই এক কোটি টাকা নিয়ে বিশ্বনাথে নিয়ে যাওয়া হচ্ছিল, বিষয়টি স্বীকার করে ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আলী আহসান সিদ্দিক বলেন, দ্রুত টাকা আনার জন্য এমনটি করা হয়েছিল। তিনটি মোটরসাইকেলে নয়জন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে। গাড়িচালক সোহেল আহমদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা ব্যাংক কর্মকর্তা গহর আলতাবকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তবে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ সুরমা থানা) এন এম নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গাড়িচালকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঢাকা-সিলেটের মতো একটি ব্যস্ততম মহাসড়কে এ রকম ছিনতাই কল্পনা করা যায় না। তা ছাড়া ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছি, ঘটনার সময় তাঁরা কোনো চিৎকার শোনেননি। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক ধারণা করে পুলিশ তদন্ত করছে।’

নাসির উদ্দিন বলেন, গহর আলতাব ও গাড়িচালক সোহেলকে ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথ শাখায় নেওয়া হয়েছে। পুলিশ সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্তের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।