‘৮০০ টাকা দিয়ে নিবন্ধন করলেই নরওয়েতে জাহাজে চাকরি...!’ এ রকম চটকদার বিজ্ঞাপন দেওয়া হয়। সিলেটের একটি প্রতিষ্ঠানে গতকাল বুধবার নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে কথিত মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হলে পরীক্ষা গ্রহণের পদ্ধতি দেখে পরীক্ষার্থীদের সন্দেহ হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করে। পরে কার্যালয়টি সিলগালা করে দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিন্দাবাজারের ফরিদ প্লাজা বিপণিবিতানের চতুর্থ তলায় ‘লর্ড এয়ার ইন্টারন্যাশনাল’ নামের ট্রাভেল এজেন্সি নরওয়েতে জাহাজে চাকরি দেওয়ার কথা বলে দরখাস্ত আহ্বান করে। স্বল্প টাকা খরচ করে বিদেশে চাকরির সুযোগের কথা জানতে পেরে অনেকেই আবেদন করেন। গতকাল ছিল মৌখিক পরীক্ষা। ওয়েল্ডিং, পাইপ ফিটিংসসহ কয়েকটি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হচ্ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এর আগেই প্রত্যেকের কাছ থেকে নিবন্ধন ফি বাবদ ৮০০ টাকা নেওয়া হয়। ট্রাভেল এজেন্সির কয়েকজন জাহাজের নাবিকের পোশাক পরে বিদেশে গমনেচ্ছুক ব্যক্তিদের পরীক্ষা নিচ্ছিলেন। এ সময় নিয়োগকর্তার আচরণে কয়েকজন পরীক্ষার্থীর সন্দেহ হয়। তাঁরা মৌখিক পরীক্ষা দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার নরেশ চাকমা, পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসাইন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।পুলিশ আসার খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের পরিচালক সুলেমান আহমদ সিদ্দিকী কৌশলে ঘটনাস্থল থেকে সরে পড়েন। পুলিশ সেখান থেকে ভারতীয় নাগরিক সৈয়দ সাব্বির উদ্দিন আহমদ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা খালেদ হোসেন, শহিদুল হক ও ওবায়দুল হককে আটক করে। বিদেশে লোক পাঠানোর বৈধতা না পেয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সৈয়দ সাব্বির কলকাতার কোড়াচান রোডের (বাড়ি নম্বর ৪৬-জি/১) বাসিন্দা। মাস খানেক আগে তিনি ঢাকায় এসে শেখেরটেক এলাকার একটি বাসায় ওঠেন। নরওয়ে গমনেচ্ছুক ক্যক্তিদের মৌখিক পরীক্ষা নিতে গত সোমবার তিনি সিলেট আসেন। গ্রেপ্তর হওয়া অন্য তিনজনের মধ্যে খালেদ হোসেন সিলেটের দক্ষিণ সুরমার সিরামপুরের বাসিন্দা। অন্যদের বাড়ি জামালপুর ও নরসিংদী জেলায়। ওই ট্রাভেল এজেন্সির কার্যালয় থেকে কিছু প্রচারপত্র, দুটি ল্যাপটপ, জাহাজের নাবিকের পোশাকসহ কয়েকটি পাসপোর্ট জব্দ করে কার্যালয়টি সিলগালা করা হয়। নরওয়ে গমনেচ্ছুক নরসিংদীর পলাশ এলাকার বাসিন্দা খুর্শিদ মিয়া জানান, এক আত্মীয়ের মাধ্যমে তিনি বিদেশে যাওয়ার এ সুযোগের কথা জানতে পারেন। সোমবার তাঁর ওই আত্মীয় পরীক্ষা দিয়ে গেছেন। গতকাল বুধবার তিনিও পরীক্ষা দিতে এসেছিলেন। পরীক্ষার আগেই ৮০০ টাকা দিয়ে নিবন্ধন করেন।গতকাল সকালে অন্তত ৫০ জন নিবন্ধন করেছিলেন। নগরের তেলিহাওর এলাকার একজন কলেজছাত্র বলেন, ‘মৌখিক পরীক্ষা নেওয়ার সময় ভারতীয় নাগরিক নরওয়ে ভাষায় কথা বলতে গিয়ে বাংলা টানে ইংরেজি ভাষায় কথা বলছিলেন। এতে আমার সন্দেহ হয়।’ পরীক্ষা শেষে নরওয়ের জন্য মনোনীত হলেন কি না, জানতে চাইলে তাঁর কাছে আরও লোক দেওয়ার অনুরোধ করা হয়। এতে তাঁর সন্দেহ আরও বেড়ে যায়। তিনি কয়েকজন সঙ্গী নিয়ে বিষয়টি পুলিশকে জানান।সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল হোসাইন জানান, প্রতারণার অভিযোগে চারজনকেই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।