সিলেটে ভারী বৃষ্টিপাতে তীব্র জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে গতকাল রোববার ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকার বাসাবাড়ি, রাস্তাঘাট, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান। দুর্ভোগে পড়ে কয়েক লাখ মানুষ।
আবহাওয়া কার্যালয় জানায়, সিলেটে গতকাল বিগত কয়েক বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।
নগরবাসী জানান, গতকাল ভোরেই প্রবল বর্ষণ শুরু হয়। টানা বর্ষণে উঁচু এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে নগরের অনেক সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিদ্যালয় ও কর্মস্থলগামী লোকজন দুর্ভোগে পড়ে।
স্থানীয় লোকজন জানান, প্রবল বৃষ্টিতে নগরের রায়নগর, শিবগঞ্জ, সেনপাড়া, সোনারপাড়া, লামাপাড়া, মীরাবাজার, যতরপুর, আগপাড়া, দর্জিপাড়া, দপ্তরিপাড়া, নাইওরপুল, সোবহানীঘাট, চালিবন্দর, কামালগড়, ছড়ারপাড়, উপশহর, বারুতখানা, হাওয়াপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, পীরমহল্লা, লোহারপাড়া, তাঁতিপাড়া, সওদাগরটুলা, চারাদিঘিরপাড়, তালতলা, মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, দরগামহল্লা, ভাতালিয়া, বিলপাড়, কাজলশাহ, বড়বাজার, বাগবাড়ি, খাসদবির, ঝালোপাড়াসহ শতাধিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকার অধিকাংশ বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়।
কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায়, রান্নাঘর পুরোটাই ডুবে গেছে। চুলা জ্বালাতে না পেরে অনেকে শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। সোনারপাড়া এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব আফতাব উদ্দিন জানান, জলাবদ্ধতায় নগরের উঁচু-নিচু সব এলাকাই ডুবে গেছে। এটা আগে কখনো সিলেটে ঘটেনি।
রায়নগর এলাকার গৃহিণী নাজমা বলেন, পানি ঢুকে বাড়ির আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। অবৈধভাবে খাল দখল ও ভরাট করে রাখায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। শিবগঞ্জ এলাকার ব্যবসায়ী আকবর মিয়া বলেন, ‘অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় আমাদের প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
আবহাওয়া কার্যালয় জানায়, সিলেটে গতকাল ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত ৫২ দশমিক ২ মিলিমিটার, নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৩৬ দশমিক ৮ মিলিমিটার এবং দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত ২৪৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, নিকট-অতীতে সিলেটে এমন ভারী বর্ষণ হয়নি।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, পানি অপসারণের ব্যাপারে সিটি করপোরেশন তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে।
বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরী জলাবদ্ধ কয়েকটি এলাকা পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশনের কাজ তদারকি করেন।