সিলেটে ভাষা প্রতিযোগ শুরু
সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় সিলেট পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ শুরু হয়।
পায়রা উড়িয়ে উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক।
ভাষা উত্সবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোশতাক আহমাদ দীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মামুন উর রশিদ প্রমুখ।
সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে এক ঘণ্টা। এরপর প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে দেশসেরা ভাষা প্রতিযোগীরা উপস্থিত থাকবেন। এবার সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগে নিবন্ধন করেছে এক হাজার শিক্ষার্থী। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।