সিলেটে ভাষা প্রতিযোগে মিলনমেলা

সকাল থেকেই শুরু হয় শিক্ষার্থীদের আনাগোনা। একসময় সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের আঙিনা মিলনমেলায় পরিণত হয়। সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগকে ঘিরে এই মিলনমেলা।
আজ শুক্রবার সকালে এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে সিলেট নগরের কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগের উদ্বোধন করা হয়।
সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগ শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক। পতাকা উত্তোলন শেষে গৌরা ঘোষসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন উড়িয়ে উৎসব শুরু করেন।
উদ্বোধনী বক্তৃতায় গৌরা ঘোষ বলেন, ‘প্রথম আলোকে ধন্যবাদ দীর্ঘসময় ধরে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। এতে শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধ বাংলা ভাষা চর্চার প্রবণতা তৈরি হচ্ছে।’ প্রতিযোগে বাংলা ও ইংরেজি মাধ্যমের কয়েক শ শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এ চারটি বিভাগে প্রতিযোগ হচ্ছে।
উদ্বোধনী পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও ভাষা প্রতিযোগের সমন্বয়কারী তারিক মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের উপব্যবস্থাপক কবির বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা ৩৫ মিনিটের পরীক্ষাপর্বে অংশ নেয়। বেলা ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে শুদ্ধ বানান প্রতিযোগিতা চলছিল। এরপর দিনভর প্রশ্নোত্তর-পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণীসহ নানা অনুষ্ঠান হবে। প্রতিযোগের নানা পর্বে দেশের বিভিন্ন অঞ্চলের প্রখ্যাত ভাষাবিদেরা উপস্থিত থাকবেন।