সিলেটে ভিন্ন ব্যানারে জামায়াতের মিছিল
সিলেটে গতকাল মঙ্গলবার বিকেলে সচেতন সিলেটবাসীর ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলে ছিলেন জামায়াতে ইসলামী ও শিবিরের নেতা-কর্মীরা। এই মিছিলে বাধা দেওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় গুরুতর আহত আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিনসহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল চারটায় ‘আমরা সচেতন সিলেটবাসী’ ব্যানারে নগরের রেজিস্ট্রি মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিলটি নিয়ন্ত্রণ করছিলেন। মিছিলে রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি তোলা হয়। মিছিল থেকে জামায়াত-শিবিরের রাজনৈতিক স্লোগানও দেওয়া হচ্ছিল। বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে অবস্থানরত পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার পর্যন্ত এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জামায়াতের কর্মীদের ছোড়া ইটের আঘাতে এসআই নাসিরউদ্দিন, হাবিলদার কামরুলসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াত-শিবিরের কর্মীদের ছোড়া ইটের আঘাতে পাঁচজন পথচারীও আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম সংঘর্ষে পুলিশের পাঁচজন সদস্য আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত হওয়া দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রকিবুজ্জামান জানান, পুলিশের অনুমতি ছাড়া মিছিল বের করায় মিছিলে বাধা দেওয়া হয়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের একটি শেল ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে মুস্তাফিজুর রহমান, মাওলানা শরিফউদ্দিন, মাওলানা এমরান আহমদ, জয়নাল আবেদীন ও সৈয়দ এহিয়াকে আটক করেছে। মিছিলটি রাজনৈতিক ছিল না, দাবি করে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. ফখরুল ইসলাম জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে বিভিন্ন পেশার লোকজনকে নিয়ে ‘আমরা সচেতন সিলেটবাসী’ ব্যানারে মিছিল বের করা হয়। পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। তবে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা মিছিলের নেতৃত্বে ছিলেন বলে তিনি স্বীকার করেন।