সিলেটে ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের পরিচালক খুন
সিলেট নগরের তাঁতীপাড়া এলাকায় মাজহারুল ইসলাম ওরফে সোহেল (৩০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি নগরের জিন্দাবাজারে ‘ওয়ার্ল্ড কমিউনিকেশন’ নামের শিক্ষার্থী ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন।খবর পেয়ে পুলিশ গতকাল বুধবার দুপুরে মাজহারুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।মাজহারুলের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সংবাদপুর গ্রামে। তিনি তাঁতীপাড়ার ৫৩/১ নম্বর বাসার চারতলার একটি কক্ষে পাঁচ বছর ধরে একাই বসবাস করেছেন। তাঁর কক্ষ থেকে মাজহারুলের একটি পাসপোর্টসহ ১৬টি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ।পাশের কক্ষের লোকদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাজহারুল প্রতিদিন বেলা করে ঘুম থেকে উঠতেন। গতকাল দুপুর গড়িয়ে যাওয়ার পরও তিনি ঘুম থেকে উঠছিলেন না। পাশের কক্ষের একজন ঘরে ঢুকে তাঁকে ডাকাডাকি করেন। মাজহারুলের মুখ বালিশচাপা দেওয়া দেখে ঘুমে রয়েছেন মনে করে ওই ব্যক্তি চলে যান। ঘণ্টা খানেক পরও তিনি ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। একপর্যায়ে ওই ব্যক্তি নিজ কক্ষের লোকদের নিয়ে মাজহারুলের মাথার ওপর থেকে বালিশ তুলে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ পর্যায়ে তাঁরা পুলিশে খবর দেন।তাঁতীপাড়ার ওই বাসায় গিয়ে দেখা গেছে, নিচতলায় বাসার মালিক সপরিবারে বসবাস করেন। চারতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে মাজহারুল থাকতেন। ওই ফ্ল্যাটের অপর দুটি কক্ষে একজন চাকরিজীবী এবং আরও দুজন ব্যবসায়ী থাকতেন। পাশের কক্ষের লোকজন জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে মাজহারুল সমবয়সী এক ব্যক্তিকে নিয়ে বাসায় আসেন। ওই ব্যক্তিকে ‘অতিথি’ পরিচয় দেন। ঘণ্টা খানেক পর তাঁরা রেস্তোরাঁ থেকে রাতের খাবার কিনে আনেন। সকালে ওই ব্যক্তিকে পাওয়া যায়নি।মাজহারুলের পারিবারিক সূত্র জানায়, মাজহারুল চট্টগ্রামে পড়াশোনা করে সিলেটে ভিসা প্রক্রিয়াকরণের ওই প্রতিষ্ঠান খোলেন। জামালগঞ্জের সংবাদপুরে তাঁর পরিবারের সদস্যরা বসবাস করেন। তিনি একা সিলেটে থাকতেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মাজহারুল ছিলেন সবার বড়।মাজহারুলের হত্যার খবর পেয়ে সিলেটে আসা নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক আত্মীয় জানান, ওই প্রতিষ্ঠান মাজহারুল একাই পরিচালনা করতেন। কিন্তু ব্যবসায়িক অংশীদার ছিলেন আরও দুজন। তাঁদের একজনের সঙ্গে মাজহারুলের বিরোধ ছিল। এ বিরোধ থেকে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মাজহারুলের মাথায় ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে। মাথার দুই দিকে তিনটি করে ছয়টি কোপের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে বালিশচাপা দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসিরউদ্দিন মোহাম্মদ জানান, ব্যবসায়িক কারণে বা বিদেশে যাওয়া নিয়ে মাজহারুলকে হত্যা করা হতে পারে। আগের দিন বাসায় যাওয়া ওই ব্যক্তিকে পুলিশ খুনি হিসেবে ধরে নিয়েছে। তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে।