সিলেটে ভয়াবহ জলাবদ্ধতা
সিলেট নগরের মীরবক্সটোলা এলাকার বাসিন্দা তৈয়ব তাহের আলম মনসুর। লন্ডনভিত্তিক চ্যানেল এস-এর সিলেট অফিসের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বাসা থেকে আম্বরখানার অফিসের উদ্দেশে হেঁটে রওনা দেন। পৌনে ১০টার দিকে দরগাগেট এলাকায় পৌঁছামাত্র তিনি রাস্তার পাশের একটি নর্দমায় পড়ে যান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ব্যর্থ হয়ে তাঁরা দমকল বাহিনীকে খবর দেন। পরে দমকল বাহিনী এসে এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জলাবদ্ধতা থাকায় নর্দমা দেখতে না পাওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। সামান্য বৃষ্টিতেই নগরজুড়ে জলাবদ্ধতা তৈরি হওয়ার পর এ ধরনের ছোট-বড় অসংখ্য দুর্ঘটনাকে সঙ্গে নিয়ে নগরবাসীকে পথ চলতে হয়। গতকাল ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার কারণে নগরের বিভিন্ন এলাকার খাল, নালা, পুকুর, মাঠঘাট, বাড়ির আঙিনা সর্বত্র পানি জমে যায়। এ বৃষ্টিতেই নগরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পানি না নামায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।সরেজমিনে দেখা যায়, ডুবে যাওয়া এলাকার মধ্যে রয়েছে শাহজালাল উপশহর, সোনারপাড়া, ভাতালিয়া, দরগামহল্লা, হাওয়াপাড়া, বিলপাড়, রায়নগর, শিবগঞ্জ, লামাপাড়া, বারুতখানা, নাইওরপুল, শাপলাবাগ, পাঠানটোলা, বালুচর, বাদামবাগিচা, কুমারপাড়া, মজুমদারপাড়া, হোসনাবাদ, আম্বরখানা, খাসদবীর, হাজারীবাগ, মালনীছড়া, আগপাড়া ও ঝালোপাড়া। পানির তোড়ে নগরের আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তাবেষ্টনী দেয়াল ভেঙে গেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছে, নগরের প্রাকৃতিক ছড়া-খালগুলো দখল করে অপরিকল্পিত স্থাপনা নির্মাণের পাশাপাশি সিটি করপোরেশনের পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকা এবং ময়লা-আবর্জনায় ড্রেন ও নর্দমা পরিপূর্ণ থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। পানি সহজেই উপচে পড়ে রাস্তাঘাট, বাসাবাড়িতে ঢুকে পড়ে। রায়নগর এলাকার ব্যবসায়ী আসাদ উদ্দিন বলেন, সামান্য বৃষ্টি হলেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকে। বারুতখানা এলাকার গৃহিণী সোহেলী আক্তার বলেন, এক দিনের টানা বৃষ্টিতেই জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। পানি রান্নাঘরে ঢুকে পড়ায় দুপুর পর্যন্ত ঘরে রান্নাবান্না করা সম্ভব হয়নি।