সিলেটে মঙ্গলী ছড়ায় খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ছড়া (খাল) দখলমুক্ত করতে খননযন্ত্র নামানো হয়েছে। নগরের মধ্য ভাগ দিয়ে প্রবাহিত মঙ্গলী ছড়ায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে খননযন্ত্র নামানো হয়।
সুরমা নদীতীরের চা-বাগান ও টিলা এলাকা থেকে ছোট-বড় নয়টি ছড়া (খাল) প্রবাহিত। এগুলো নগরের উত্তর দিক থেকে দক্ষিণে সুরমায় গিয়ে মিলিত হয়েছে। বৃষ্টির পানি ছড়া দিয়ে সুরমায় প্রবাহিত হয়। ছড়াগুলো দখলে-দূষণে সংকুচিত হয়ে পড়ায় সামান্য বৃষ্টি হলেই নগর জলাবদ্ধ হয়ে পড়ে। জলাবদ্ধতা দূর করতে আগামী বর্ষা মৌসুম সামনে রেখে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত বুধবার থেকে ছড়া দখলমুক্ত করার কাজে নামেন।
সরেজমিনে দেখা গেছে, ভিআইপি সড়কের কালভার্ট অংশ থেকে সিলেট স্টেডিয়ামের বিপণিবিতানের অংশ পর্যন্ত মঙ্গলী ছড়া খননযন্ত্র নামানো হয়। মেয়র ও কাউন্সিলরদের উপস্থিতিতে পরিচ্ছন্নতা শাখা খননযন্ত্র দিয়ে নাব্যতা বাড়ানোর কাজ শুরু করে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, ছড়া দখলমুক্ত করতে উদ্ধার ও সংস্কার প্রকল্পে কিছু কাজ হয়েছে। মেয়র জানান, অতীতে ছড়া ও খাল উদ্ধারে যেসব প্রকল্প নেওয়া হয়েছি সেগুলোতে কতটুকু কাজ হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করা হবে।