সিলেটে মণিপুরি ভাষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ফুলের সমাহারে বাগান যেমন বর্ণিল হয়ে ওঠে, তেমনি ক্ষুদ্র জাতিসত্তাসহ বহু জাতিগোষ্ঠীর সমন্বয়ে জ্ঞানেরও সমৃদ্ধি ঘটে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী এ দেশের ঐতিহ্য। এ ঐতিহ্য আমাদের লালন করতে হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ আয়োজিত ‘মণিপুরি ভাষা উৎসব-২০১০’-এ আলোচকেরা এ কথা বলেন। দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয় সিলেটের দি এইডেড হাইস্কুলে। উৎসবে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. গোলাম রব্বানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও আদিবাসী গবেষক মেসবাহ কামাল, দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন। বক্তারা বলেন, নিজ নিজ ভাষা-সাহিত্য রক্ষার আন্দোলনে মণিপুরি সাহিত্য সংসদ আয়োজিত এ উৎসব সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য উদাহরণ তৈরি করেছে।সংগঠনের সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযান, ঢাকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সাকিবা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নামব্রম শংকর।উৎসব উপলক্ষে সকালে শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানস্থল থেকে ভাষা শহীদদের উদ্দেশে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।