সিলেটে মণিপুরি ভাষা উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দশমবারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে মণিপুরি ভাষা উৎসব ও শিশুমেলা উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার নগরের বন্দরবাজার এলাকায় জেলা পরিষদ মিলনায়তনে এ উৎসব হয়।
বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ (বামসাস) সিলেটের উদ্যোগে এবং ভারতের মণিপুরের পেট্রিওটিক রাইটার্স ফোরামের সহযোগিতায় ওই অনুষ্ঠান হয়। বেলা ১১টার দিকে এর উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এ পর্বে সভাপতিত্ব করেন বামসাসের সভাপতি এ কে শেরাম।
উদ্বোধনী অধিবেশনের পর ‘বাংলাদেশকি থম্মোইকোনদগি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এরপর শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। পাশাপাশি ভাষা উৎসবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসব কর্মসূচির পাশাপাশি মণিপুরি শিশুদের অংশগ্রহণে আবৃত্তি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা হয়। বিকেল চারটায় সমাপনী অধিবেশন হয়। এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি শিল্পীরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, মণিপুরের পেট্রিওটিক রাইটার্স ফোরামের সহসভাপতি য়াইস্কুল খ্বাইরাকপম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব ও মণিপুরের সাহিত্য সাময়িকী ঙাকলৌ সম্পাদক ঙাথেম রবিচন্দ্র।
বক্তারা বলেন, মণিপুরি ভাষার অনেক সাহিত্যিক নামীদামি সাহিত্যও রচনা করেছেন। এসব সাহিত্যের সংরক্ষণ ও বিকাশের প্রয়োজন রয়েছে। এ জন্য ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতাও প্রয়োজন।