সিলেটে মধ্যরাতে ঘরে ঢুকে দুর্বৃত্তদের হামলায় ছেলে নিহত, বাবা আহত
সিলেটে দুর্বৃত্তদের হামলায় একজন সৌদি আরবপ্রবাসী নিহত হয়েছেন। তাঁর নাম শায়েস্তা মিয়া (৩৫)। তিনি এক বছর হয় দেশে ফেরেন। সিলেট মহানগরের জালালাবাদ থানার নোয়াপাড়ায় গত রোববার দিনগত রাতে এ ঘটনা ঘটে।ছেলে শায়েস্তাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের মারধরে আহত হয়েছেন বাবা ফখরুল ইসলাম (৫৫)। গতকাল সোমবার ভোরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করতে শায়েস্তার স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।পুলিশ জানায়, রোববার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত শায়েস্তার বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শায়েস্তা মিয়ার ওপর হামলা চালায়। রামদা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ছেলেকে রক্ষা করতে গেলে ফখরুলকেও দুর্বৃত্তরা মারধর করে। শায়েস্তার ছোট ভাই জাহেদ আহমদ জানান, প্রতিবেশীদের সহায়তা চাইতে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ভোরে শায়েস্তা ও ফখরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শায়েস্তা মিয়াকে মৃত ঘোষণা করেন।মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মারুফ রহমান জানান, শায়েস্তার দেহে ধারালো অস্ত্রের পাঁচটি আঘাত পাওয়া গেছে। এর মধ্যে বুকে ও পিঠে রামদার কোপ রয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ বিকেলে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।শায়েস্তার ছোট ভাই জাহেদ আহমদ জানান, ছয় বছর সৌদি আরবে থেকে গত বছর দেশে ফেরেন শায়েস্তা মিয়া। ছয় মাস আগে পাশের উমাইরগাঁওয়ে তাঁকে বিয়ে করানো হয়। জাহেদ জানান, বিয়ের পর থেকে শায়েস্তার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের মনোমালিন্য ছিল। সম্প্রতি তা বিরোধের পর্যায়ে চলে গিয়েছিল। তাঁদের ধারণা, শায়েস্তার শ্বশুরবাড়ির লোকজন হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।গতকাল সন্ধ্যায় যোগাযোগ করলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল মতিন মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। শায়েস্তার বিয়ে নিয়ে পূর্ব বিরোধের বিষয় জেনে পুলিশ ঘটনা খতিয়ে দেখতে শায়েস্তার স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে উপপরিদর্শক জানান।