সিলেটে মরদেহ দাফন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর
সিলেট নগরের বাগবাড়ী এলাকায় গতকাল শুক্রবার মরদেহ দাফনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় দুই শতাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।এলাকাবাসী সূত্র জানায়, নগরের কাজলশাহ এলাকার এক ব্যক্তির মরদেহ বাগবাড়ী এলাকার নরসিংটিলা গোরস্তানে দাফন করা নিয়ে গতকাল কাজলশাহ ও বাগবাড়ী এলাকাবাসীর মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে বেলা ১১টার দিকে গোরস্তানের পাশে নূরানী জামে মসজিদের ঈদগাহের জন্য নির্ধারিত জায়গায় কবর খোঁড়া শুরু করলে মসজিদের মোতোয়ালি মকন মিয়া বাধা দেন। এ সময় যাঁরা কবর খুঁড়ছিলেন, তাঁদের সঙ্গে থাকা লোকজন মোতোয়ালির ওপর চড়াও হয়। একপর্যায়ে বাগবাড়ী ও কাজলশাহ এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দা, রামদা ও ইটপাটকেল ব্যবহার করে। খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার পুলিশ ও সিটি করপোরেশনের কাউন্সিলররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে বাগবাড়ী এলাকার আবদুল আহাদ, তজম্মুল হোসেন, বাবলু আহমদ, জুয়েল আহমদ, আরিফ আহমদ, তৈয়বুর রহমান, মোহাম্মদ আজাদ ও হেলাল আহমদ এবং কাজলশাহ এলাকার জুবের আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।সংঘর্ষের পর ওয়ার্ড কাউন্সিলররা মরদেহ দাফন করার জন্য জায়গা নির্ধারণ করে দিলে সেখানে দাফন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার দিকে দাফন শেষে গোরস্তান এলাকা ত্যাগ করার সময় কাজলশাহ এলাকার কিছু উচ্ছৃঙ্খল লোক বাগবাড়ী মোড়ে রাস্তার পাশে দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত বলেন, দা-রামদা নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এবং ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান কামরান প্রথম আলোকে বলেন, গোরস্তানের জায়গা নিয়ে দুই এলাকার মানুষের মধ্যে পুরোনো বিরোধ ছিল।