সিলেটে মশার উপদ্রব বাড়লেও ওষুধ কেনা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশার ওষুধ ছিটানোর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ এখনো ওষুধ কেনেনি। তাই নগরবাসী মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন।
নগরের অনেক বাসিন্দা জানান, প্রতিটি পাড়া-মহল্লায় মশার উৎপাতে মানুষ অতিষ্ঠ। নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা হলেও মশার উৎস নষ্ট হচ্ছে না।
সোনারপাড়া এলাকার গৃহিণী আছমা খাতুন বলেন, ‘দিনে-রাতে সমানতালে মশা কামড়ায়। বাচ্চারা ঠিকমতো পড়তে বসতেও পারে না। কয়েল, ওষুধ কোনো কিছুতেই মশা যায় না। আমরা ঘুমাতে পর্যন্ত পারছি না। বাচ্চাদের অসুখ-বিসুখও বাড়ছে।’
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি মশা মারার ওষুধ কেনার দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ২২ লাখ টাকার ওষুধ কেনা হচ্ছে। এ ওষুধ নগরের সব ওয়ার্ডে ছিটানো হবে।
করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, শিগগিরই চলতি বছরের জন্য ওষুধ কিনে তা ছিটানো হবে।