সিলেটে মশার উপদ্রব বৃদ্ধি
সিলেটে কয়েক দিন ধরে মশার উপদ্রব বেড়েছে। তবে মশা নিধনে সিটি করপোরেশন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। তাঁরা জানান, অন্যান্য বছর এ সময়ে মশা নিধনের ওষুধ ছিটানো হলেও এবার তা না হওয়ায় মশার উপদ্রব বেড়েছে। ক্ষুব্ধ নগরবাসী জানান, শীত মৌসুম শুরু হওয়ার আগে সাধারণত মশার উপদ্রব বাড়ে। তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন নালা-নর্দমা ও ডোবায় পানি জমে থাকায় মশার প্রচণ্ড উপদ্রব শুরু হয়েছে।সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা শাখা সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন প্রতিবছর শীত মৌসুম শুরুর আগে নগরের প্রায় সব কটি পাড়া, মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে মশা নিধনের ওষুধ ছিটিয়ে থাকে। তবে চলতি বছর এ খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ওষুধ কেনা সম্ভব হয়নি। তাই কোথাও ওষুধ ছিটানো সম্ভব হচ্ছে না।মদিনা মার্কেট পনিটুলার বাসিন্দা হাজি আবদুস সাত্তার বহুমুখী উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক রোহিতাশ্ব তালুকদার বলেন, দিনে-রাতে সমানতালে মশার উপদ্রব বেড়েছে। ২৪ ঘণ্টা বাসায় কয়েল জ্বালিয়ে কিংবা স্প্রে ছিটিয়ে রাখতে হয়। নগরের শিবগঞ্জ সেনপাড়া এলাকার বাসিন্দা পিনাক ভৌমিক বলেন, বিগত যেকোনো বছরের চেয়ে চলতি বছর মশার উপদ্রব বেড়েছে। সিলেট নগরে মশার মাত্রাতিরিক্ত উপদ্রবের কথা স্বীকার করে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, টাকার অভাবে ওষুধ ছিটানো সম্ভব হয়নি। তবে মেয়রের নির্দেশে জরুরি ভিত্তিতে মশা নিধনের ওষুধ ক্রয়ের দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে কার্যাদেশ হলে নগরবাসী মশার উপদ্রব থেকে রক্ষা পাবে। তবে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে বলে তিনি জানান।