সিলেটে মসজিদে জঙ্গি হামলার আশঙ্কা ডিআইজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মসজিদগুলোতে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমান। গতকাল শনিবার নগরের পুলিশ লাইনসে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি আশঙ্কার কথা জানান।
তবে হামলা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও ডিআইজি মিজানুর রহমান দাবি করেছেন। বেলা ১১টায় পুলিশ লাইনসের শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ডিআইজি প্রধান অতিথি ছিলেন।
সভায় ১২টি উপজেলার শীর্ষস্থানীয় আলেম ও মাশায়েখরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সিলেটের পুলিশ সুপার নুরেআলম মিনা। বিশেষ অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত ডিআইজি মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক শাহ মো. নজরুল ইসলাম ও জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
ডিআইজি মিজানুর রহমান বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, কয়েক দিন ধরে জঙ্গিরা সিলেটের যেকোনো মসজিদে আক্রমণের তৎপরতা চালাচ্ছে। ল্যাপটপে করে বিশেষ ধরনের ডিভাইস বহন করে মসজিদে আত্মঘাতী হামলার পরিকল্পনাও তারা করছে। বিশেষত মাজারকেন্দ্রিক মসজিদ ও শিয়া-অধ্যুষিত অঞ্চলের মসজিদে এ হামলার চেষ্টা হতে পারে। তাই মসজিদে অপরিচিত কোনো লোক দেখলেই আপনারা (আলেম-মাশায়েখ) তার সম্পর্কে খোঁজখবর নেবেন। পাশাপাশি সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশকে খবর দেবেন।’
ডিআইজি এ সময় জঙ্গিগোষ্ঠীকে মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য আলেম ও মাশায়েখদের প্রতি অনুরোধ জানান। ডিআইজি বলেন, ‘সিলেট অঞ্চলে এনজিওর মাধ্যমে জঙ্গিদের অর্থ সহায়তা দেওয়া হয় কি না, সেটিও খোঁজ নিয়ে দেখা হবে। মনে রাখতে হবে, ইসলাম শান্তির ধর্ম। আর দেশে প্রতিটি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান ঠিক রাখতে প্রতিটি মুসলমানকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’