সিলেটে মসলার বাজার চড়া
ঈদুল আজহা সামনে রেখে সিলেটে বেড়েছে সব ধরনের মসলার দাম। একই মসলা একেক হাটে একেক দামে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, দামের তারতম্য রোধে স্থানীয় প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের মসলা গত সপ্তাহের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩২ টাকায়। অথচ এই পেঁয়াজ গত সপ্তাহে ২৪ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি দারুচিনি, এলাচ, গোলমরিচ ও জিরা বিক্রি হচ্ছে যথাক্রমে ৯০০, এক হাজার ১০০, ৮০০ ও এক হাজার ১২০ টাকা দরে। গত সপ্তাহে এসব মসলা প্রতি কেজি বিক্রি হয়েছিল যথাক্রমে ৭০০, ৯০০, ৭৭০ ও ৮০০ টাকায়। ব্যবসায়ীরা জানান, বাজারে তিন ধরনের জিরা পাওয়া যাচ্ছে। ভালো মানের জিরা এক হাজার ১২০, মাঝারি মানের জিরা ৮০০ ও কিছুটা নিম্নমানের জিরা প্রতি কেজি ৪৫০ টাকা।জিরা ক্রেতা আলমগীর হোসেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘৩৮০ টাকায় যে জিরা কয়েক দিন আগেও কিনেছি, সেটাই এখন বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৮০ টাকায়। প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’ বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি কাঁচা হলুদের দাম বেড়ে হয়েছে ২২০ থেকে ২৫০ টাকা, রসুন ৩৫ থেকে ৪০ টাকা, আদা ৬০ থেকে ৭০ টাকা, বারবাকর ১২০ থেকে ১৩০ টাকা, পাঁচফোড়ন ১০০ থেকে ১১০ টাকা, গুয়ামউরি ৯০ থেকে ১০০ টাকা, জয়ত্রি ৮০ থেকে ১০০ টাকা হয়েছে।বন্দরবাজার এলাকার মসলা বিক্রেতা মিলাদ হোসেন জানান, ঈদুল আজহা উপলক্ষে মসলার দাম বেড়েছে। এর মধ্যে জিরার দাম একটু বেশি বেড়েছে। তবে মানভেদে মসলার দামও কমবেশি হয়।সিলেটের জেলা প্রশাসনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, মসলার বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।