সিলেটে মহানগর দায়রা জজ আদালত চালু হচ্ছে
সিলেটে মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম ঈদুল ফিতরের পর পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে একাধিক আইনজীবী নিশ্চিত করেছেন। তাঁরা জানান, আদালতের কার্যক্রম শুরু হলে মহানগরের ছয়টি থানায় দায়ের করা সব মামলার বিচারিক কার্যক্রম মহানগর দায়রা জজ আদালতেই সম্পন্ন হবে।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে মহানগর দায়রা জজ আদালত স্থাপনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। মামলা জট কমাতে সরকার সিলেট, খুলনা ও রাজশাহী—এই তিনটি বিভাগীয় শহরে এ আদালত স্থাপন করার সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক আদালত পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ দেওয়া হয়। শিগগিরই আদালতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ পদে বিচারকেরা যোগ দেবেন।
আইনজীবীরা জানান, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের একটি পুরাতন ভবনে তিনটি পৃথক এজলাস প্রস্তুত করে মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিচারকেরা যোগ দেওয়ার পরপর আনুষ্ঠানিকভাবে আদালত চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।
সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শামসুল ইসলাম বলেন, ‘মহানগর আদালত চালু হলে বিচার প্রার্থীরা কম সময়েই তাদের বিচার পাবেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই আদালত ভূমিকা রাখবে। ঈদের পর পরই একটি অনুষ্ঠানের মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু করা হবে।