সিলেটে মাইক্রোবাস চুরি, আশুগঞ্জ থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট থেকে চুরি যাওয়া একটি মাইক্রোবাস গতকাল মঙ্গলবার ভোরে আশুগঞ্জের কইরালা এলাকায় আটক করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গত রোববার সিলেটে বেড়ানোর নাম করে ওই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো ১১-৩৯৫৫) ভাড়া করে। সারা দিন বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর সন্ধ্যায় তারা গাড়িচালক মো. মোস্তফাকে অজ্ঞান করে শায়েস্তাগঞ্জ রেললাইন এলাকায় ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। সারা দিন চালকের মুঠোফোন বন্ধ থাকায় রাতে গাড়ির মালিক পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাটি সারা দেশের হাইওয়ে পুলিশকে অবহিত করলে পরদিন সোমবার সন্ধ্যায় আশুগঞ্জ হাইওয়ে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের কইরালা নামক এলাকায় ওই গাড়ির সন্ধান পায়। খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ আশুগঞ্জে গিয়ে ওই মাইক্রোবাস আটক করে। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মনির, আলাউদ্দিন, আবুল হোসেন, পরিমল চন্দ্র, আনিস হাওলাদার, ইসলাম উদ্দিন ও জসিম উদ্দিন।এসআই আশরাফুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই সংঘবদ্ধ গাড়িচোর চক্রের সদস্য।