সিলেটে মাঠে দাঁড়াতেই পারেনি হরতাল আহ্বানকারীরা
ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক বিচার, র্যাব-পুলিশের সতর্ক অবস্থানের কারণে সিলেটে ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন গতকাল রোববার মাঠে নেতা-কর্মীরা দাঁড়াতেই পারেননি। এ অবস্থায় সংবাদ সম্মেলন করে বিএনপি প্রতিবাদ জানিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পিকেটিং করার সময় আটজনকে আটক করে পুলিশ। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে নগরের তিনটি স্থানে তাৎক্ষণিক বিচার কার্যক্রম চলে। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয় ক্লোজ সার্কিট ক্যামেরা। সকাল সাড়ে সাতটার দিকে বিএনপির একটি মিছিল দরগা গেট এলাকা থেকে বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। কোর্ট পয়েন্ট এলাকায় সকাল নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সাবেক সাংসদ দিলদার হোসেনসহ নেতৃস্থানীয় নেতাদের অবরুদ্ধ রাখে পুলিশ ও র্যাব। একই সময়ে অন্যদিকে বিএনপির আরেকটি পক্ষ পৃথকভাবে আম্বরখানায় পিকেটিং করতে থাকলে দলীয় কার্যালয়ের ভেতর দিনভর অবরুদ্ধ করে রাখে পুলিশ ও র্যাব। কার্যালয়ের মধ্যে নগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী, সালেহ আহমদসহ ছাত্রদলের নেতারা অবরুদ্ধ অবস্থায় সভা করেন। এরপর থেকে হরতালের মাঠে নেতা-কর্মীদের আর দেখা যায়নি।বিএনপির সংবাদ সম্মেলন: মাঠে থাকতে না দেওয়ায় জেলা ও নগর বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে। দুপুর দুইটায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন ও নগর বিএনপির সভাপতি এম এ হক গণতান্ত্রিক আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে স্বৈরতান্ত্রিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।