সিলেটে মাতৃ ও শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে প্রসবের সময়ে মাতৃমৃত্যু ও পাঁচ বছরের কম বয়সে শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি। দেশের অন্য অঞ্চলের তুলনায় সিলেটে মোট প্রজননহার যেমন বেশি, তেমনি আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হারও কম। প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারীর সহায়তায় প্রসব না করানো, কুশিক্ষা ও কুসংস্কারের কারণে এ অঞ্চলে জন্মহার বেশি। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ‘বাং-লাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে-২০০৭’ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল বুধবার সকালে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে সিলেট অঞ্চলের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতিবিষয়ক এক কর্মশালায় বক্তারা এ তথ্য তুলে ধরেন। তাঁরা বলেন, পরিবার পরিকল্পনার জ্ঞান সিলেট অঞ্চলের সব মানুষের কাছে ছড়িয়ে দিতে সরকারি-বেসরকারিভাবে জনসচেতনতার কাজটি এখনই চালাতে হবে।কর্মশালাটির আয়োজন করে বেসরকারি সংস্থা রিচার্স, ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল (আরটিএম)। সিলেটের বিভাগীয় কমিশনার গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক কেসি মণ্ডল, পূবালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নূরুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি মো. সাইকুল ইসলাম।মুক্ত আলোচনায় অংশ নেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনী মোহন দাস, জামালগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শামীমা শাহারিয়ার, ছাতক উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ আল সাবির। সভায় বক্তারা বলেন, সিলেটের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে জনসচেতনতা এখনই বাড়াতে হবে। জনপ্রিয় করে তুলতে হবে ছোট পরিবারের ধারণা। সামাজিক পর্যায়ে প্রসবের সময়ে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার পরিবেশ তৈরি হলে সমস্যার অনেকটাই দূর হবে।