সিলেটে মাদকদ্রব্যসহ আটক ১
সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা (র্যাব-৯) পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছেন। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। র্যাব-৯ সূত্রে জানা যায়, গত বুধবার রাত নয়টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার নলজুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ৯৪ বোতল অফিসার্স চয়েজ উদ্ধার করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে হস্তান্তর করা হয়েছে। একই দিন বেলা দুইটায় র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকায় অভিযান চালান। এ সময় এক গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেলসহ (সিলেট-এ-৮০৫৮) সৈয়দ ময়জুদ্দিনকে (৪২) আটক করা হয়। তাঁর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।