সিলেটে মাদ্রাসাছাত্রকে খুন করে সহপাঠী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকার একটি মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন হিফজ বর্ষের শিক্ষার্থী আমির আব্বাস (১৮)।গতকাল সোমবার ভোরে মাদ্রাসার বোডিংয়ের (আবাসন) একটি কক্ষ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। মৃতদেহের গলায় ছুরির গভীর ক্ষত ছিল। মাদ্রাসা বোডিংয়ের ওই কক্ষের বাসিন্দা শাহ সাইফুর রহমান নামে আমির আব্বাসের সহপাঠী পলাতক থাকায় পুলিশের ধারণা—সহপাঠীই তাঁকে খুন করে পালিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করার সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা দুটি ছোরা উদ্ধার করে। বিকেলে নিহত আমির আব্বাসের বাবা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় সাইফুরকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ জানায়, ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল (রহ.) মাদ্রাসায় অধ্যয়নরত আমির আব্বাস তাঁর সহপাঠী সাইফুর রহমানকে নিয়ে তাহফিজুল কোরআন বিভাগের লিল্লাহ বোডিংয়ের ১৬ নম্বর কক্ষে থাকতেন। গতকাল ফজরের নামাজের সময় ওই কক্ষের দরজা খোলা ও দরজা পর্যন্ত রক্তের ছাপ দেখে অন্য ছাত্ররা মাদ্রাসার শিক্ষকদের জানান। শিক্ষকেরা ঘটনাটি দেখে তাৎক্ষণিক সিলেট কোতোয়ালি থানার পুলিশে খবর দেন।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল ভোর সাড়ে ছয়টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আমির আব্বাসের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামে। তাঁর বাবা আবদুস সালাম সপরিবারে মাদ্রাসার পাশে দরগাহ মহল্লার একটি বাসায় বসবাস করছেন। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে আমির আব্বাস মেজো। তাঁর বড় এক ভাই সিলেটের মদনমোহন কলেজে পড়েন এবং ছোট বোন ওই মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়ে। মাদ্রাসায় অধ্যয়নকালে আমিরের সঙ্গে সাইফুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি মাদ্রাসার অন্য ছাত্র-শিক্ষকসহ পরিবারের সদস্যরাও অবহিত ছিলেন।সাইফুরের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর গ্রামে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) শাহ মোহাম্মদ মুবাশ্বির প্রথম আলোকে বলেন, দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থেকে খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভোররাতে ঘুমন্ত অবস্থায় আমির আব্বাসের গলায় ছুরি চালিয়ে খুন করা হয়। ছুরি দুটি মাদ্রাসার জন্য কোরবানির পশুর চামড়া তোলার কাজে ব্যবহূত হতো।মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া জানান, গতকাল সোমবার ১৪৩২-৩৩ শিক্ষাবর্ষের সমাপনী উপলক্ষে ‘বুখারি শরিফের খতম’ অনুষ্ঠান ছিল। দরগাহ জামে মসজিদে দোয়া মাহফিলের মাধ্যমে এ অনুষ্ঠানের প্রস্তুতি শেষে করে সব ছাত্র ঘুমাতে যান। ভোরে ছাত্রদের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষ খুনের ঘটনা প্রথম শুনতে পেরে পুলিশে খবর দেয়।