সিলেটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অধ্যক্ষ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের আখালিয়া এলাকায় একটি মাদ্রাসায় ১০ বছরের এক এতিম ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় মাদ্রাসার একটি কক্ষ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় কক্ষ থেকে বের হয়ে পালানোর চেষ্টাকালে অধ্যক্ষ কে এম তোফায়েল আহমদ উসমানকে (৩৩) আটক করে জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে আখালিয়ার নোয়াপাড়ায় একটি ভাড়া বাসায় মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। এর সাইনবোর্ডে লেখা ‘মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত’। বাসার একটি কক্ষে পাঠদান চলে। ছাত্রী ১০ জন। তাদের বয়স আট থেকে ১০ বছরের মধ্যে। অন্য আরও দুটি কক্ষে ছাত্রীদের আবাসনের ব্যবস্থা করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ সপরিবারে আরেকটি কক্ষে বসবাস করেন।নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীর একজন প্রথম আলোকে জানান, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে মাদ্রাসার পাঠদান কক্ষ থেকে ওই ছাত্রীর চিৎকার শোনা যায়। আশপাশের লোকজন দৌড়ে গিয়ে ওই কক্ষের দরজার সামনে জড়ো হয়। দরজায় অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পর অধ্যক্ষ তোফায়েল বের হয়ে আসেন। পরে ওই কক্ষে ঢুকে ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় অধ্যক্ষ পালানোর চেষ্টা করলে জনতা তাঁকে আটকে রাখে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীর বরাত দিয়ে তার এক আত্মীয়া জানান, হাত-পা টিপে দেওয়ার কথা বলে ‘হুজুর’ (অধ্যক্ষ) প্রায় ছাত্রীদের ওই কক্ষে ডেকে নিতেন। বুধবার রাতে হুজুর তাকে ওই কক্ষে ডেকে পাঠান। পরে তাকে ধর্ষণ করেন। বাসার মালিক মোমিন আহমদ বলেন, ‘মাসিক নয় হাজার টাকায় আমি বাসাভাড়া দিই। গত বছরের জুলাই থেকে মাদ্রাসাটি চালু করা হয়। নানা অভিযোগ আমার কানে আসত। এ জন্য আমিও বিব্রত ছিলাম।’ ওই রাতে ঘটনাস্থল পরিদর্শনকারী সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে উসমানের স্ত্রী হোসনা সুলতানা জানান, এটি সাজানো ঘটনা। তবে কে বা কারা সাজিয়েছে—এ ব্যাপারে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। হোসনার দাবি, মহিলা মাদ্রাসা ও এতিমখানা হিসেবে জেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট সব শাখা থেকে প্রতিষ্ঠানটির অনুমোদন নেওয়া হয়েছে। তবে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহাবউদ্দিন খান জানান, এ রকম কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকার বিষয়ে প্রশাসন অবহিত নয়।