সিলেটে মায়ের মামলায় ছেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৎমাকে খুন করার ঘটনায় মায়ের দায়ের করা মামলায় ছেলেসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঞ্জুরুল হক খান গতকাল সোমবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বাদীর ছেলে জামাল উদ্দিন কারাবন্দী রয়েছেন। বাকি চারজনের মধ্যে এক মারা গেছেন ও তিনজন পলাতক। মামলার বিবরণে জানা যায়, বালাগঞ্জ উপজেলার দয়ামীর বড়দিরারাই গ্রামের মৃত আরিফ উল্লার দ্বিতীয় স্ত্রী আছমা বেগম ১৯৯৩ সালের ২৩ নভেম্বর বসতঘরে খুন হন। জায়গাসংক্রান্ত বিরোধের জের ধরে খুনের ঘটনা ঘটে অভিযোগ করে আরিফের প্রথম স্ত্রী হায়ারুন নেছা আদালতে একটি হত্যা মামলা করেন। এ মামলায় তাঁর আপন ছেলে জামালসহ চারজনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে আসামি পাঁচজনকে অভিযুক্ত করে ১৯৯৭ সালের ২০ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে। ২০০১ সালের ১২ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে আদালতে বিচারকার্য শুরু হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সিলেটের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ফখরুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় আদালত ও থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছিল। এ জন্য বিচারকার্য বিলম্বিত হয়।