সিলেট নগরে রাজনৈতিক সভা, সমাবেশ ও মিছিলের ওপর দুই দিনের নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এতে গতকাল সোমবার পূর্বঘোষিত গণমিছিলের কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ।এর আগে গত রোববার ওই সব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ। এদিকে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা এবং জামায়াত-শিবিরের বোমা হামলার আশঙ্কায় হবিগঞ্জ শহর ও এর আশপাশ এলাকায় দুই দিন ধরে ১৪৪ ধারা চলেছে। গণমিছিল করতে না পেরে গতকাল দুপুরে সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে জেলা ও নগর বিএনপি। এতে বিএনপির নেতারা বলেন, ৯ জানুয়ারি চট্টগ্রামের জনসভা থেকে ২৯ জানুয়ারি রোববার গণমিছিল কর্মসূচি ঘোষিত হয়েছিল। এ অনুযায়ী সিলেট জেলা ও মহানগর বিএনপি শান্তিপূর্ণভাবে গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা করে। কিন্তু কোনো কারণ ছাড়াই শনিবার রাতে হঠাৎ করে সিলেটে মিছিলে নিষেধাজ্ঞা জারি করে সিলেট মহানগর পুলিশ। এ অবস্থায় নেতারা সার্বিক অবস্থা বিবেচনা করে কর্মসূচ্রিপিছিয়ে ৩০ জানুয়ারি সোমবার বেলা দুইটায় গণমিছিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন এবং এ বিষয়ে পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানান। কিন্তু আবারও বিনা কারণে রোববার রাতে দুই দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।বিএনপির নেতারা পুলিশের এ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সহসভাপতি নুরুল হক ও মইনুল হক চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক হাদিয়া চৌধুরী প্রমুখ।রাজনৈতিক সভা-সমাবেশ মিছিলে লাগাতার নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে জামায়াতে ইসলামীর মহানগর শাখা বিকেলে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে। পুলিশ সূত্র জানায়, সংঘাত, সহিংসতা ও নাশকতার আশঙ্কায় সিলেট মহানগর পুলিশ গতকাল ও আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজনৈতিক সভা, সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, ধর্মীয়, অরাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক অনুষ্ঠান করতে কোনো বিধিনিষেধ নেই। এদিকে দুই দিন ধরে হবিগঞ্জ শহরের থানার মোড়, তিন কোনা পুকুরপাড়, রাজনগর, বেবিস্ট্যান্ড, পৌরসভা মাঠ, চৌধুরী বাজারসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এক দল সদস্যকে শহরে টহল দিতে দেখা যায়। তারা বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেলে তল্লাশি চালাচ্ছেন। হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা বিএনপি সূত্র জানায়, হবিগঞ্জ বিএনপি গত রোববার বেলা তিনটার দিকে শহরের পৌর মাঠ প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে গণমিছিল করার সিদ্ধান্ত নেয় বিএনপি। কিন্তু ওই দিন সকাল আটটার দিকে জেলা প্রশাসন গতকাল পর্যন্ত হবিগঞ্জ শহর ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানানো হয় প্রশাসন থেকে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, জেলায় বিএনপির কয়েক নেতার একাধিক গ্রুপ রয়েছে। এ গ্রুপগুলো এর আগে জেলার বিভিন্ন স্থানে দাঙ্গা-হাঙ্গামা করেছে। আবার এদের মধ্যে সংঘাত এবং জামায়াতের বোমাবাজির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।তবে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ বলেন, ‘আমাদের মধ্যে কোনো কোন্দল বা বিরোধ নেই। প্রশাসন মিথ্যা অভিযোগ দেখিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ব্যাহত করেছে।’ এর পেছনে ক্ষমতাসীন দলের ইন্ধন রয়েছে বলে তিনি অভিযোগ করেন।