সিলেটে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সাংসদের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-৩ আসনের সরকারদলীয় সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরীকে ‘রাজাকার পরিবারের সন্তান’ বলায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শোয়েব আহমদ চৌধুরীর বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।মানহানির ক্ষতিপূরণ মূল্য ৫০০ কোটি টাকা নির্ধারণ করে সোমবার যুগ্ম জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে সাংসদ বাদী হয়ে এ মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী এম ফজলুল হক জানান, আদালত গতকালই আবেদন আমলে নিয়ে আগামী ১০ অক্টোবর বিবাদীপক্ষকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন। মামলার আরজিতে বলা হয়েছে, সাংসদ মাহমুদ-উস-সামাদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পর পর দুবার সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হয়ে এখনো এই পদে আছেন। সিলেট-৩ আসনের সাংসদ হিসেবে তিনি এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিবাদী শোয়েব আহমদ চৌধুরী তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হওয়ায় মাহমুদ-উস-সামাদ চৌধুরীর অপূরণীয় ক্ষতিসাধিত হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, মাহমুদ-উস-সামাদ চৌধুরীর সঙ্গে আত্মীয়তার সুবাদে শোয়েব আহমদ চৌধুরীকে আর্থিক সহযোগিতা করতেন। একপর্যায়ে শোয়েব আহমদ চৌধুরী অধিক আর্থিক সুবিধা দাবি করেন মাহমুদ-উস-সামাদ চৌধুরীর কাছে। এ নিয়ে মনোমালিন্য সৃষ্টি হলে শোয়েব আহমদ চৌধুরী সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হন। এতে আরও উল্লেখ করা হয়, শোয়েব আহমদ চৌধুরী গত ২০ জুলাই সিলেটের স্থানীয় একটি দৈনিকে বিবৃতি দিয়ে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মালিকানাধীন গার্মেন্টস ফ্যাক্টরির ১০০ টাকার ২০ হাজার শেয়ার জালিয়াতির অভিযোগ তোলেন। পরে তিনি সিলেটের স্থানীয় আরেকটি দৈনিকে বিজ্ঞাপন দিয়ে সাংসদের পারিবারিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেন। বিজ্ঞাপনে শোয়েব আহমদ চৌধুরী সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী ‘রাজাকার পরিবারের সন্তান’ উল্লেখ করে সাংসদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহমুদ-উস-সামাদ চৌধুরী ২৪ জুলাই শোয়েব আহমদ চৌধুরীকে লিগ্যাল নোটিশ দেন। ওই নোটিশে পত্রিকায় দেওয়া বিজ্ঞাপন প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার আহ্বান জানান। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ পাওয়ার পরও শোয়েব আহমদ চৌধুরী তাঁর অবস্থান থেকে সরে না আসায় সাংসদ মানহানির মামলা করেন। শোয়েব আহমদ চৌধুরী মামলা করার বিষয়টিকে ‘সস্তা মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাংসদের বাবা ১৯৭১ সালে শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। এ বিষয়ে আমার কাছে প্রমাণাদি রয়েছে। আমি মামলাটি আইনিভাবে মোকাবিলা করব।’