সিলেটে মুখর বৃক্ষমেলা
সিলেট শহরকে এপার-ওপার দুই ভাগে বিভক্ত করে রেখেছে সুরমা নদী। বর্ষায় প্রমত্তা নদীর বয়ে চলা দেখতে নদীর উত্তর পারের খোলা জায়গায় এমনিতেই বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় জমান নগরবাসী। কিন্তু গত ৩০ জুন থেকে এ স্থানটি যেন নতুন মাত্রা পেয়েছে। নদীর পাড়জুড়ে অসংখ্য সবুজ গাছগাছালি, ফুল আর ফলের গাছের সমারোহ। সব বয়সী মানুষ দল বেঁধে সেই সবুজ প্রাঙ্গণ মুখরিত করে তোলে। আর উপলক্ষ—বিভাগীয় বৃক্ষমেলা। সিলেট বন বিভাগের উদ্যোগে আয়োজিত ২০ দিনব্যাপী এই বৃক্ষমেলা শেষ হবে ১৯ জুলাই। গত ৩০ জুন মেলার উদ্বোধন করেন সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।মেলা ঘুরে দেখা গেছে, অর্ধশতাধিক স্টলে দেশি-বিদেশি ফুল, ফলসহ নানা প্রজাতির গাছগাছালি বেচাকেনা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণীপেশার মানুষ ঘুরে ঘুরে গাছ দেখছে। নগরের মণিপুরী রাজবাড়ী এলাকার বাসিন্দা নাট্য সংগঠক দেবব্রত চৌধুরী বলেন, ‘অনেক গাছ চিনিই না। তাই বিভিন্ন গাছ, ফুল ও ফলের নাম জেনে ও চিনে নিচ্ছি।’ নগরের বাগবাড়ী এলাকা থেকে গাছ কিনতে আসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনারা বেগম। তিনি বলেন, ‘বাসার ছাদে গাছ লাগানো আমার শখ। তাই মেলা ঘুরে ঘুরে পছন্দমতো গাছ কিনছি।’ মেলায় অংশগ্রহণকারী জালালিয়া নার্সারির স্বত্বাধিকারী মো. আমির আলী বলেন, ‘মেলায় বিভিন্ন ধরনের ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ বেশি বিক্রি হচ্ছে। দর্শনার্থীদের কাছ থেকে এত সাড়া পাব, ভাবিনি।’নার্সারি ব্যবসায়ীরা জানান, করমচা, বেল, মাধবী ফুল, হাসনাহেনা, কাগজি লেবু, সুইট লেবু, মাতুয়া, মালটা, আদা লেবু, নাসপাতি, নাইটকুইন, আপেল কুল, কালামরিচ, অর্কিড, ক্রিসমাস ট্রি, রাধাচূড়া, ডালিম, থেকর, চায়না থ্রি লিচু, বাউকুল, ফজলি আম, আম্রপালি, গুলমরিচ, জারুল ফুল, সাতকরা, জলপাই, আনারসসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বেশি বিক্রি হচ্ছে।এ ছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে বাউলগানের অনুষ্ঠান। এতে সিলেটের প্রবীণ বাউলশিল্পী আবদুর রহমানের নেতৃত্বে বাউলগান পরিবেশন করেন শিল্পীরা। বাউল আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রতি সন্ধ্যায় মেলায় আসা মানুষকে গাছের চারা লাগানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণের ওপর নির্দেশনামূলক গান পরিবেশন করছি। এসব গানের অধিকাংশ আমি তাৎক্ষণিকভাবে রচনা করেছি।’