সিলেটে মুহরির ডান হাতের কবজি কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে লিয়াকত হোসেন (৩০) নামে একজন মুহরির (আইনজীবীর সহকারী) ডান হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা। তাঁর বাঁ হাতের একটি আঙুলও কেটে ফেলা হয়েছে। নগরের বাদামবাগিচা এলাকায় গত শুক্রবার রাতে সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।লিয়াকতকে রক্ষায় তাঁর দুই ভাই এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদেরও কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তিন সহোদরকে উদ্ধার করে এলাকাবাসী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বাদামবাগিচায় মুঠোফোনের সিম কার্ড (সংযোগ) বিক্রির দোকান থেকে লিয়াকতের ছোট ভাই একটি সিম কেনেন। এই সিমের সঙ্গে নিবন্ধনের কাগজপত্র না দেওয়ায় লিয়াকত ওই দোকানে গিয়ে নিজের পেশাগত পরিচয় দিয়ে কাগজ চান। এ সময় দোকানির নেতৃত্বে আট-নয়জন যুবক রামদা ও দা দিয়ে লিয়াকতের ওপর হামলা চালায়। তারা লিয়াকতের ডান হাতের কবজি কেটে ফেলে এবং বাঁ হাতের বুড়ো আঙুল কেটে দেয়। এ সময় লিয়াকতের দুই ভাই রুমন আহমদ (১৮) ও সুমন আহমদ (১৫) তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে আহত করে অস্ত্রধারী যুবকেরা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লিয়াকত হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, পেশার পরিচয় দেওয়ায় দোকানদার ও তাঁর সঙ্গে থাকা যুবকেরা এ হামলা চালায়। গতকাল শনিবার দুপুরে বাদামবাগিচায় গিয়ে দেখা গেছে, মুঠোফোনের ওই দোকানটি তালাবদ্ধ। কয়েকজন এলাকাবাসী জানান, খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১০টায় কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসার আগেই দোকানটি বন্ধ করে দোকানি চলে যান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান পার্থ সারথি সোম গতকাল রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘লিয়াকতের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা জোড়া লাগানো সম্ভব নাও হতে পারে। তবু চেষ্টা চালানো হচ্ছে।৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে আমি জেনেছি। এদের গ্রেপ্তার করতে পুলিশকে অনুরোধ জানিয়েছি।’সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত প্রথম আলোকে বলেন, সুমন আহমদ বাদী হয়ে গতকাল সন্ধ্যায় থানায় মামলা করেছেন। মামলায় মখলিছ, মুজিব, দীপু, মঙ্গল, মুন্না, রাজীব, রাজন ও রহিমকে এবং অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিলেট আইনজীবী সহকারী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আবদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহমদ মুহরি লিয়াকতের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।