সিলেটে মুহিত-এরশাদ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে এ সৌজন্যসাক্ষাত্ অনুষ্ঠিত হয়। প্রায় সাত মিনিট স্থায়ী সাক্ষাত্কালে এরশাদ ও আবুল মাল আবদুল মুহিত জাতীয় নির্বাচন ও সিলেটে সরকারের উন্নয়ন নিয়ে কথা বলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান, জাতীয় পার্টির সিলেট জেলার আহ্বায়ক সেলিম উদ্দিন ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ উপস্থিত ছিলেন।

গতকাল বিকেলে সিলেটের এক জনসভায় এরশাদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি না গেলে জাতীয় পার্টিও নির্বচনে অংশ নেবে না। এরশাদের এই মন্তব্যের পরই আজ এই দুই নেতার এই বৈঠক হলো।

এরশাদের সঙ্গে কী কথা হয়েছে—সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে অর্থমন্ত্রী বলেন, ‘মহাজোটে এরশাদ আছেন কি না, এটা তাঁর ব্যক্তিগত মন্তব্য। এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে না গেলে জাতীয় পার্টিও যাবে না। আমরাও চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক।’ শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।