সিলেটে মে দিবসের অনুষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তার দাবি
সিলেটে মে দিবসের অনুষ্ঠানে হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন সিলেটের বিভিন্ন সড়কের পরিবহনশ্রমিক ও মালিক সংগঠনের নেতারা। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ সময়সীমা দেওয়া হয়। অন্যথায় তাঁরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানান।জেলা ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে গতকাল বিকেলে নগরের কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দিলু মিয়া। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি সেলিম আহমদ, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কাহের, জেলা সড়ক পরিবহনের সাবেক সভাপতি গোলাম হাফিজ, জেলা ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া, জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মিয়া, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মো. তেরা মিয়া, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি হাজি লোকমান মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির মছব্বির প্রমুখ।মহান মে দিবসের অনুষ্ঠানে শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘পরিবহনশ্রমিকেরা এ দেশের যোগাযোগব্যবস্থার কর্ণধার। মে দিবসের অনুষ্ঠানে যারা সন্ত্রাসী হামলা করেছে, তারা দিবসটির অপমান করেছে। ৭২ ঘণ্টার মধ্যে ট্রাক শ্রমিকদের ওপর হামলাকারী মৌলবাদীদের গ্রেপ্তার করুন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’এদিকে কোর্ট পয়েন্টে হামলার সঙ্গে ইশা ছাত্র আন্দোলন জড়িত নয় দাবি করে গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। এতে সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন জানান, ওই রাতে (গত রোববার) ঢাকার মুক্তাঙ্গনে আন্দোলনের নেতা-কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল কোর্ট পয়েন্টের দিকে গেলে কে বা কারা এ ঘটনা ঘটায়। হামলার সঙ্গে ইশা ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।গত রোববার রাত সাড়ে ১১টায় সোবহানীঘাট ও কোর্ট পয়েন্টে মে দিবসের দুটো পৃথক অনুষ্ঠানে হামলা করা হয়। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানার পুলিশ বাদী হয়ে তিনটি পৃথক মামলায় ৫০০ জনকে আসামি করা হয়েছে।