সিলেটে মে দিবসের দুই অনুষ্ঠানে হামলা, ভাঙচুর
সিলেটে গত রোববার রাতে মে দিবসের দুটি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়।জানা গেছে, নগরের কেন্দ্রস্থলের কোর্ট পয়েন্টে ‘মে দিনের গান’ নামে গণসংগীতের আসরে রাত সোয়া ১০টায় প্রথম দফা হামলা হয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্রসংগঠন ইশা ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ‘ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ করো’ প্রভৃতি স্লোগান দিতে দিতে সেখানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা চেয়ার, সাউন্ড সিস্টেম বক্স প্রভৃতি ভাঙচুর করে চলে যায়। কোর্ট পয়েন্ট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সোবহানীঘাট এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নের আরেকটি অনুষ্ঠানে রাত প্রায় সাড়ে ১১টার দিকে হামলা হয়। স্থানীয় একটি মাদ্রাসার ছাত্ররা অনুষ্ঠানস্থলে গিয়ে গান-বাজনা বন্ধ করার কথা বলে ভাঙচুর শুরু করে। এ সময় শ্রমিকদের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ হয়। পুলিশ সংঘর্ষ থামাতে কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।পরে রাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ ট্রাক শ্রমিকেরা সোবহানীঘাট এলাকার হজরত শাহজালাল ইয়াকুবিয়া দারল সুন্নাহ কামিল মাদ্রাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মাদ্রাসাটির শিক্ষক ও ছাত্রদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। তাদের মধ্যে মাদ্রাসাশিক্ষক, ছাত্র, শ্রমিকনেতাসহ ১১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া মাদ্রাসাছাত্র ও শিক্ষকসহ তিনজনকে পুলিশ আটক করে।বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সোহেল রানা জানান, কোর্ট পয়েন্টে ঘটনাস্থল থেকে ইশা ছাত্র আন্দোলন নামের সংগঠনটির ব্যানার উদ্ধার করা হয়েছে। এ সংগঠনটি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্রসংগঠন।সোবহানীঘাটের ঘটনা সম্পর্কে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, শান্তিপূর্ণ আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করছিলেন শ্রমিকেরা। এ সময় মাদ্রাসাছাত্ররা অতর্কিত হামলা চালায়।এদিকে সোবহানীঘাটের ঘটনায় আনজুমানে তালামীয নামের সংগঠন ও মাদ্রাসার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ওপেন কনসার্ট বন্ধ করতে মাদ্রাসার কিছু ছাত্র সেখানে গিয়েছিল। উচ্ছৃঙ্খল শ্রমিকেরা তাঁদের মারধর করায় পরবর্তী ঘটনা ঘটেছে।মে দিবসের অনুষ্ঠানে মৌলবাদী হামলার ঘটনায় কোর্ট পয়েন্টে সম্মিলিত নাট্য পরিষদ এবং সিলেটের সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের উদ্যোগে গতকাল সোমবার প্রতিবাদী গণসংগীত ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বক্তব্য দেন ব্যারিস্টার মো. আরশ আলী, নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায়বর্মণ, খেলাঘর সিলেটের বিভাগীয় সংগঠক তাজুল ইসলাম বাঙালি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলা শাখার সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক ইফতেখারুল হক প্রমুখ।