সিলেটে মেডিকেল কলেজের কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের উত্ত্যক্ত করা থেকে মামাতো বোনকে রক্ষা করতে গিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজের কর্মচারী আবুল কালাম (৩৫) খুন হয়েছেন। গতকাল শুক্রবার সেহিরর সময় বখাটেরা তাঁকে বেধড়ক মারধর করে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়। মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল আটটায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একদল বখাটে কালামের মামাতো বোনকে দু-তিন মাস ধরে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল সেহিরর সময় তিনজন বখাটে কালামের মামার বাসার আশপাশে অবস্থান নিয়ে মামাতো বোনকে উত্ত্যক্ত করে। বাসার বাইরে বখাটেদের ঘোরাঘুরি করতে দেখে কালাম ক্ষুব্ধ হন। সেখান থেকে চলে যাওয়ার কথা বলতেই বখাটেরা ক্ষেপে গিয়ে তাঁকে মারধর করে। একপর্যায়ে তাঁকে বাসার দেয়ালের গায়ে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে মাথায় আঘাত পাওয়ায় সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।উত্ত্যক্তের শিকার মেয়েটির বাবা জানান, কলোনির কলেজপড়ুয়া তিন বখাটে কয়েক মাস ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। প্রতিবাদ করার পরও তারা উত্ত্যক্ত করা থেকে বিরত হয়নি। রমজান মাস আসার পর থেকে ওই তিন বখাটে সেহিরর সময় বাসার আশপাশে ঘোরাফেরা করত এবং বাসার জানালা দিয়ে উঁকিঝুঁকি দিত। কালাম প্রতিবাদ করায় ওই তিনজন তাঁকে মারধর করে।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এ রকম ঘটনার কথা শুনেছি। তবে রাত আটটা পর্যন্ত এ ব্যাপারে নিহত কালামের পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি।’পরিবার সূত্রে জানা যায়, আবুল কালাম সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে প্রায় ১০ বছর ধরে চাকরি করে আসছিলেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাবা সুনু মিয়া মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত কর্মচারী। সুনু মিয়া জানান, বিকেল পাঁচটায় ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। রাতে দাফন-কাফন শেষে থানায় মামলা করা হবে।