সিলেটে মেয়রের 'ছড়া অভিযান' শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের দক্ষিণে প্রবহমান সুরমা নদী। নগরের উত্তর দিক থেকে টিলা-পাহাড় থেকে নেমে আসা নয়টি ছড়া (ছোট খাল) মিলিত হয়েছে সুরমায়। এসব ছড়া দখল হওয়ায় বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে নগর। সম্প্রতি এক দিনের বৃষ্টিতে নগর জলাবদ্ধ হয়ে পড়লে গোয়ালী ছড়া সংস্কার করে তাৎক্ষণিক সুফল পাওয়া গেছে।
গোয়ালী ছড়া সংস্কারকে সামনে ধরে সিলেট সিটি করপোরেশন গতকাল বুধবার থেকে নগরের অন্য ছড়াগুলো সংস্কার ও দখলমুক্ত করার কাজ শুরু করেছে। মেয়র আরিফুল হক চৌধুরী ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে গতকাল সকালে নগরের ভিআইপি রোডসংলগ্ন মঙ্গলী ছড়া পরিষ্কার-পরিচ্ছন্ন ও দখল চিহ্নিত করার কাজ শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, পাকা বাড়ির দখলে নগরের মধ্যভাগ দিয়ে প্রবাহিত মঙ্গলী ছড়ার মধ্যবর্তী অংশ সংকুচিত হয়ে গেছে। ভিআইপি সড়কে একটি কালভার্ট দিয়ে ছড়ার সংযোগ রাখা হলেও উভয় দিকে পাকা বাড়িগুলোর দখলে ১৫ থেকে ২০ ফুট চলে গেছে।
ছড়া দখলমুক্ত করার এ কাজকে মেয়র ‘ছড়া অভিযান’ উল্লেখ করে প্রথম আলোকে বলেন, নগরকে জলাবদ্ধমুক্ত করতে হলে ছড়াগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আগামী বর্ষা মৌসুম সামনে রেখে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে ছড়া দখলমুক্ত করার কাজ করবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, মালনি ছড়া, কালীবাড়ি ছড়া, মঙ্গলী ছড়া, যোগিনী ছড়া, হলদি ছড়া, ভুবি ছড়া, গোয়ালী ছড়া, ধোপা ছড়া ও গাভিয়ার খাল নামের নয়টি ছড়া রয়েছে। ২০ থেকে ৩০ ফুট প্রস্থের ছড়াগুলোর দৈর্ঘ্য প্রায় ৩২ কিলোমিটার।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সরেজমিনে পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলেন, নয়টি ছড়া দখল করে রেখেছেন প্রায় ১০ হাজার প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান। এ প্রভাবশালীদের দখল থেকে ছড়া উদ্ধার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে।
মেয়রের ‘ছড়া অভিযান’কে অভিনন্দিত করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ‘গুটি কয়েক মানুষের দখলযজ্ঞে পুরো নগরবাসী বিড়ম্বনার শিকার। সুন্দর নগর ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে আমরা চাই এ কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন হোক।’