সিলেটে মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে একমাত্র কন্যাসন্তানকে নদীতে ফেলে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিলেটের বিভাগীয় বিশেষ (বিশেষ দায়রা) জজ আদালতের বিচারক সুফিয়া বেগম এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তি হচ্ছেন দক্ষিণ সুরমা উপজেলার খোজারখলা গ্রামের লায়েক আহমদ (৪৫)। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে না পারলে আরও এক বছর কারাভোগ করতে হবে। আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ২২ জুলাই লায়েক আহমদের সঙ্গে তাঁর স্ত্রীর বাগিবতণ্ডা হয়। এর জের ধরে চার বছর বয়সী শিশুকন্যা লিমা আক্তারকে ঘর থেকে বাড়ির বাইরে সুরমা নদীর পাড়ে নিয়ে যান। সন্ধ্যায় লায়েক লিমাকে সুরমা নদীতে ফেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে চলে যান। মা নাছিমা বেগম মেয়ে লিমাকে খোঁজাখুঁজি করেও পাননি। পরদিন দক্ষিণ সুরমা টেকনিক্যাল রোড এলাকার সুরমা নদীতে লিমার লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহত লিমার মা নাছিমা বেগম তাঁর স্বামী লায়েক আহমদসহ কয়েকজনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ লায়েককে গ্রেপ্তার করে। তদন্ত শেষে পুলিশ একমাত্র লায়েককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি শাহ মো. মোশাহিদ আলী জানান, মামলার মোট ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত লায়েককে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন।