সিলেটের করিম উল্লাহ মার্কেটে গতকাল বুধবার দুপুরে মোবাইল ফোনের কয়েকটি দোকানে অভিযানে নেমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে। ব্যবসায়ীরা তাত্ক্ষণিকভাবে সংগঠিত হয়ে দুজন আলোকচিত্র সাংবাদিককে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন।এ সময় বিপণিবিতানের প্রধান ফটক ব্যবসায়ীরা প্রায় তিন ঘণ্টা তালাবদ্ধ করে রাখেন। বিপণিবিতানের বাইরে কিছু ব্যবসায়ী সংগঠিত হওয়ার চেষ্টা করলে র্যাবের সদস্যরা মৃদু লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।রাত আটটায় র্যাব-৯-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়ম মেনে মোবাইল ফোনের সিমকার্ড বিক্রি হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাইয়ে র্যাবের একটি দল ওই বিপণিবিতানে যায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে সিলেট নগরের বন্দরবাজারে মোবাইল ফোনের বাজার হিসেবে পরিচিত করিম উল্লাহ মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় র্যাব-৯-এর একটি দল অভিযানে নামে। এ সময় র্যাবের সদস্যরা স্থানীয় আলোকচিত্র সাংবাদিকদেরও সঙ্গে নেন। বিপণিবিতানের নাফিজা টেলিকম, মোবাইল মিউজিয়াম, ইউনিভার্সেল টেলিকম, মেরিডিয়ান ও নাইম টেলিকমে র্যাবের সদস্যরা সিমকার্ড বিক্রির কাগজপত্র তল্লাশি করেন। এ সময় বেশ কয়েকটি সিমকার্ড যথাযথভাবে নিয়ম না মেনে বিক্রি করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। র্যাবের সদস্যরা ব্যবসায়ীদের কাছে অবৈধভাবে সিমকার্ড বিক্রির কারণ জানতে চাইলে তাত্ক্ষণিকভাবে বিপণিবিতানের মোবাইল ফোনের সব ব্যবসায়ী দোকান বন্ধ করে র্যাবের সদস্যদের ঘিরে ধরেন। এ সময় ব্যবসায়ীদের আরেকটি দল বিপণিবিতানের প্রধান ফটক তালাবদ্ধ করে পুরো বাজার অবরুদ্ধ করে রাখে। তখন বিপণিবিতানের ভেতর র্যাব-সাংবাদিকসহ সাধারণ ক্রেতারাও আটকা পড়েন।র্যাবের সঙ্গে থাকা আলোকচিত্র সাংবাদিকেরা ছবি তোলার প্রস্তুতি নিলে ব্যবসায়ীরা স্থানীয় দৈনিক উত্তর পূর্ব-এর শংকর দাশ ও দেশ টিভির চিত্রগ্রাহক আশরাফুল কবিরকে মারধর করে তাঁদের ক্যামেরা ছিনিয়ে নেন। উপস্থিত সাংবাদিকেরা তখন ওই দুই সাংবাদিককে উদ্ধার করে বিপণিবিতানের বাইরে তাত্ক্ষণিক প্রতিবাদ সভা করেন। একপর্যায়ে র্যাবের সদস্যরা অভিযান গুটিয়ে বিপণিবিতানের কার্যালয়ে অবস্থান নেন। এ সময় র্যাব ও পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ীরা নিয়মবহির্ভূতভাবে কোনো সিমকার্ড বিক্রি না করার বিষয়ে লিখিতভাবে অঙ্গীকার করলে বিকেল সাড়ে চারটায় র্যাব ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনা সম্পর্কে করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাদেক আলী জানান, ভুল বোঝাবুঝির কারণে এ রকম হয়েছে। পরে বিষয়টি মিটমাট হয়েছে। তিনি বলেন, ‘আমরা সাংবাদিকদের মারধরের ঘটনায় দুঃখিত। কারা হামলা করেছে, বিষয়টি আমরা চিহ্নিত করতে পারিনি।