সিলেটে যক্ষ্মায় ঝুঁকি শনাক্তকরণ যন্ত্রে চিকিৎসা কার্যক্রম শুরু
সিলেট বক্ষব্যাধি হাসপাতালে যক্ষ্মায় মারাত্মক ঝুঁকির পর্যায়ে থাকা রোগ শনাক্তকরণ যন্ত্রে এমডিআর (মাল্টি ড্রাগ রেজিসট্যান্ট) চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। সিলেট বিভাগের মধ্যে প্রথম এমডিআর কার্যক্রম শুরু হওয়ায় গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতির চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক বনদীপ লাল দাস এ কার্যক্রমের উদ্বোধন করেন।
হাসপাতাল থেকে জানা গেছে, যক্ষ্মা রোগীদের মধ্যে সাধারণত যাঁরা মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ওষুধ খাওয়া ছেড়ে দেন, তাঁরাই এমডিআর বা মাল্টি ড্রাগ রেজিসট্যান্ট পর্যায়ের রোগী হিসেবে শনাক্ত হন। এসব রোগী নিজেরাই যেমন নিজেদের জন্য ঝুঁকিপূর্ণ, তেমনি আশপাশের লোকজনও তাঁদের মাধ্যমে দ্রুত যক্ষ্মা রোগে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। তাই দ্রুত রোগ শনাক্তকরণের মাধ্যমে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য ইউএসএআইডি, টিবি কেয়ার-২ প্রকল্পের সহযোগিতায় সিলেট বিভাগের মধ্যে প্রথম বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা কার্যক্রমের সূচনা করা হয়।
এ উপলক্ষে বক্ষব্যাধি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন আজহারুল ইসলাম। সিলেটের বিভাগীয় পরিচালক ছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক এ টি এম এ রকিব, কুষ্ঠ হাসপাতাল সিলেটের জুনিয়র কনসালট্যান্ট তবিবুল ইসলাম, সিলেট বক্ষব্যাধি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট মো. জাকারিয়া মাহমুদ, যক্ষ্মা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক মো. শহীদ আনোয়ার।
অনুষ্ঠানে বলা হয়, দেশের অন্যান্য জেলার তুলনায় সিলেটে যক্ষ্মা রোগী অনেক কম। তবে চা-বাগান এলাকায় যক্ষ্মা রোগীর সংখ্যা বেশি। সিলেট বক্ষব্যাধি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে দ্রুততম সময়ে এমডিআর পর্যায়ের রোগী শনাক্ত করা হবে। হাসপাতালে ৫৬টি শয্যা রয়েছে। এর মধ্যে এমডিআর যক্ষ্মা ওয়ার্ডে ৩২টি শয্যা পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে রাখা হয়েছে।
বনদীপ লাল দাস বলেন, এ চিকিৎসা কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে সিলেটের যক্ষ্মা রোগীদের চিকিৎসা আরও এক ধাপ এগিয়ে গেল। আগে রোগীদের শনাক্ত করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হতো। এখন সেসব রোগীকে সিলেটেই চিকিৎসা দেওয়া সম্ভব।