সিলেটে যানজট নিয়ন্ত্রণে কমিউনিটি ট্রাফিক পুলিশ
সিলেট নগরের চৌহাট্টা মোড়ে পাশাপাশি দুটি রিকশা আটকে আছে। ওই দুই রিকশার পেছনে শতাধিক যানবাহন দাঁড়িয়ে পড়েছে। কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্য এগোতে পারছেন না। হলুদ রঙের অ্যাপ্রোন পরা এক তরুণ দুই রিকশাকে আলাদা করে দিলেন। শুরু হলো যান চলাচল। ট্রাফিক পুলিশের সহযোগিতায় এগিয়ে আসা ওই তরুণ কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্য।
গতকাল শুক্রবার দুপুরে চৌহাট্টা মোড়ে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। যানজট নিয়ন্ত্রণে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এভাবে সিলেট নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশের সঙ্গে কমিউনিটি ট্রাফিক পুলিশের ৭০ জন সদস্য সকাল থেকে রাত পর্যন্ত পালা করে দায়িত্ব পালন করবেন।
মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, দরগামহল্লা, আম্বরখানা, দর্শনদেউড়ি, মীরাবাজারসহ অর্ধশতাধিক স্থানে প্রতিদিন যানজট হয়। ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ বিপণিবিতানগুলোতে যাতায়াত করছে। তাই যানজট আরও বেড়েছে। এ অবস্থায় নগরের বিভিন্ন স্থানে দায়িত্বে থাকা ১৫৫ জন ট্রাফিক পুলিশের পাশাপাশি ৭০ জন স্বেচ্ছাসেবী যানজট নিরসনে কাজ করছেন। বাংলাদেশ স্কাউটস সদস্যদের মধ্য থেকে বাছাই করা ৭০ জনকে নিয়ে এই দল গঠন করা হয়েছে। তাঁদের মধ্যে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ২০ জন এবং দোকান মালিক সমিতি ৫০ জনকে নিয়োগ করেছে। তাঁরা গত ৩০ জুলাই থেকে দায়িত্ব পালন করছেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) নূরে আলম জানান, প্রতিবার ঈদের সময় প্রচুর মানুষ কেনাকাটা করতে বের হয়। ফলে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খায়। কিন্তু এবার এটা হবে না। কারণ, ট্রাফিক পুলিশ নাগরিক সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে রাত-দিন কাজ করছে। আর তাদের সহায়তা করছে কমিউনিটি ট্রাফিক পুলিশ।