সিলেটে যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার
সিলেট নগরের চৌহাট্টা এলাকায় শহীদ মিনারে গতকাল শনিবার যুদ্ধাপরাধীদের বিচারে প্রতীকী আদালত বসে। আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডাদেশ দিলে আসামিদের ফাঁসির দড়িতে ঝোলানো হয়। এ প্রতীকী বিচারের আয়োজন করে জেলা শ্রমিক লীগ।বেলা সাড়ে ১১টার দিকে প্রতীকী আদালত বসে। এতে বিচারকের ভূমিকায় জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল ইসলাম দায়িত্ব পালন করেন। আবদুল মতিন ভূঁইয়া সরকারপক্ষের এবং আবদুল ওয়াদুদ বিবাদীপক্ষের আইনজীবীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে প্রতীকী আদালতে অংশ নেন শ্রমিকনেতা দুলনচন্দ্র দেব, নূরে আলম, সমেন্দ্র সিং, ওমর আলী, মো. ইনছান আলী, মিজানুর রহমান, আবুল হোসেন, জালাল উদ্দিন, শামীম রশিদ চৌধুরী, আতিকুর রহমান, সিরাজুল ইসলাম চৌধুরী, প্রণয় ঘোষ প্রমুখ।প্রতীকী আদালতের বিচার কার্যক্রম শেষে শ্রমিক সমাবেশের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। শ্রমিক লীগের সভাপতি এজাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন।সভায় বক্তারা বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচার এই বাংলার মাটিতে হবেই।