সিলেটে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় অ্যাসিড ছুড়ে এক কলেজছাত্রীর শরীর ঝলসে দেওয়ার দায়ে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়ে। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সিলেট মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. লায়েক আহমদ (২৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের তবারক আলীর ছেলে।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী বলেন, আসামি লায়েক উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পরপরই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে বিরাহিমপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণ সুরমার নূরজাহান মহিলা কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী লাকি বেগমের শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন লায়েক। ঘটনার পরদিন ওই ছাত্রীর বাবা তৈমুছ আলী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। দক্ষিণ সুরমা থানার তৎকালীন উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ শিকদার ওই বছরের ৯ এপ্রিল লায়েক আহমদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।