সিলেটে যুবলীগ কর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মোহাম্মদ বাচ্চু মিয়া নামের যুবলীগের এক কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে বাচ্চুকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁর কয়েকজন বন্ধু। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।জানা গেছে, বাচ্চুর (৩৫) বাড়ি সিলেট শহরতলির ঝুগিপাড়া এলাকায়। তিনি নগরের বাগবাড়ী এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী ছিলেন।হাসপাতালের জরুরি বিভাগের সূত্রের বরাত দিয়ে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রকিবুজ্জামান জানান, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে বাচ্চুর সমবয়সী চার ব্যক্তি তাঁকে অসুস্থ রোগী বলে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর তাঁদের কাউকে আর পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর বাচ্চু মারা যান। এসআই রকিবুজ্জামান লাশের ময়নাতদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে নাক দিয়ে রক্ত বের হয়েছিল। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বাচ্চুর ছোট ভাই মোহাম্মদ ফারুক মিয়া জানান, আখালিয়া এলাকার যুবলীগের কর্মী হিসেবে পরিচিত আফতাব, সাবুল ও টিটু গত সোমবার বেলা ১১টার দিকে তাঁর ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় তাঁর মুঠোফোনে যোগাযোগ করে জানতে পারেন, বাচ্চু তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে শ্রীমঙ্গল বেড়াতে গেছেন।ফরুক মিয়া আরও জানান, গতকাল ভোর পাঁচটার দিকে আফতাব ও টিটু তাঁদের বাড়িতে গিয়ে জানান তাঁর ভাইয়ের লাশ হাসপাতালে রয়েছে। এরপর তিনি তাঁদের সঙ্গে হাসপাতালে গিয়ে লাশ দেখতে পান। ততক্ষণে আফতাব ও টিটু পালিয়ে যান।ফারুক মিয়া বলেন, ‘আমার ভাইয়ের কোনো রোগব্যাধি ছিল না। আমাদের ধারণা, যারা তাঁকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল, তারাই তাঁকে খুন করেছে।’বাচ্চুর বড় ভাই মোহাম্মদ আনোয়ার মিয়া জানান, বাচ্চু যুবলীগের কর্মী ছিল এবং যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গেই ছিল তাঁর চলাফেরা। বিশেষ করে, স্থানীয় যুবলীগের কর্মী আফতাবের সঙ্গেই তিনি বেশি থাকতেন।মুঠোফোনে আফতাবের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাচ্চু আমাদের পূর্বপরিচিত এবং একই পক্ষের। তাঁকে অসুস্থ দেখে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। পরে মারা গেছে বলে শুনেছি। এতে কোনো রহস্য নেই।’জেলা যুবলীগের সভাপতি জগদীশ দাশ জানান, তাঁর জানামতে, বাচ্চু যুবলীগের পরিচিত কোনো কর্মী ছিলেন না। তবে আওয়ামী লীগের মিছিল-সমাবেশে থাকত বলে শুনেছেন।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ গতকাল রাতে জানান, এ ঘটনায় থানায় তখনো পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।