সিলেটে যুবলীগ নেতাকে হত্যা করল শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাট উপজেলায় গতকাল শনিবার রাতে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত নজরুল ইসলাম (৩৫) কানাইঘাট উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বজলার রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শিবিরের কর্মীরা কুপিয়ে নজরুল ইসলামকে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে মামলা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নজরুলের বাড়ি উপজেলার দলইরমাটি গ্রামে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি কানাইঘাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাইপাস সড়কে আগে থেকে ওত পেতে থাকা শিবিরের কর্মীরা তাঁকে কুপিয়ে হত্যা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এর আগে গতকাল বিকেল চারটার দিকে নিহতের চাচাতো ভাই কানাইঘাট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম আবদুল্লাহ (৪০) তাঁর অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে শিবিরের হামলার শিকার হন। উপজেলার মনসুরিয়া এলাকায় তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত নজরুল ও আহত আবদুল্লাহ সম্পর্কে চাচাতো ভাই। এই দুজনের আরেক চাচাতো ভাই কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও কানাইঘাটের পৌর চেয়ারম্যান লুত্ফুর রহমানের দাবি, ১০ দিন ধরে জামায়াত-শিবিরের কর্মীরা জেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর করছেন। এরই ধারাবাহিকতায় তাঁর দুই চাচাতো ভাইয়ের ওপর শিবিরের কর্মীরা হামলা চালান।