সিলেটে যুবলীগ নেতার হাতে প্রকৌশলী লাঞ্ছনার অভিযোগ
সিলেটে প্রকল্পের কাজ ভাগবাটোয়ারার মাধ্যমে না পাওয়ায় যুবলীগের নেতা কৃপেশ রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে নগরের শাহী ঈদগাহ এলাকায় পাউবোর কার্যালয়ে এ ঘটনা ঘটে। কৃপেশ রায় সিলেট নগরের ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ১০-১২ জন যুবক নিয়ে শাহী ঈদগাহ এলাকায় পাউবোর প্রকৌশল বিভাগে যান কৃপেশ। কৃপেশ সেখানে নিজেকে ক্ষমতাসীন দলের নেতা দাবি করেন। বর্ষা মৌসুমে সিলেটে পাউবোর প্রতিরক্ষা বাঁধসহ ‘আপার সুরমা’ প্রকল্পের ৩৩টি গ্রুপের ১৪টি কাজ কেন ভাগবাটোয়ারা করে তাঁদের দেওয়া হলো না—এই বলে নির্বাহী প্রকৌশলী এ কে এম সফিকুল হকের ওপর চড়াও হন কৃপেশ। একপর্যায়ে কৃপেশ ও তাঁর সঙ্গীরা সফিকুলকে চেয়ার থেকে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করেন। খবর পেয়ে কয়েকজন ঠিকাদার নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে কৃপেশকে শান্ত করেন। দুপুর আড়াইটার দিকে যুবকেরা ঘটনাস্থল ত্যাগ করলে সফিকুল তাঁর দপ্তর থেকে বের হন। যোগাযোগ করা হলে নির্বাহী প্রকৌশলী এ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাঁর দপ্তরের কয়েকজন সহকারী প্রকৌশলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার বলেন, ‘মহানগর যুবলীগের নেতাদের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। পরে নির্বাহী প্রকৌশলীর কাছে কৃপেশ দুঃখ প্রকাশ করেছেন।’মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি এ রকম একটি ঘটনা শুনেছি। পরে বিষয়টি মিটমাট করা হয়েছে।’কৃপেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ঘটনাটি অস্বীকার করেন। পাউবোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গতকাল গিয়েছিলেন কি না—জানতে চাইলে কৃপেশ বলেন, ‘আমি সেখানে গিয়েছিলাম। তবে কোনো কিছু ঘটেনি।’