সিলেটে যুবলীগের কমিটি প্রত্যাখ্যান, ঝাড়ু মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগর যুবলীগের কমিটি প্রত্যাখ্যান করে আজ সোমবার বিকেলে মিছিল করে যুবলীগের একাংশ। ছবিটি নগরের সিটি পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
সিলেট নগর যুবলীগের কমিটি প্রত্যাখ্যান করে আজ সোমবার বিকেলে মিছিল করে যুবলীগের একাংশ। ছবিটি নগরের সিটি পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

সিলেটে নবগঠিত যুবলীগের কমিটি প্রত্যাখ্যান করে আজ সোমবার বিকেলে ঝাড়ু মিছিল করেছেন যুবলীগের একাংশের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিরুদ্ধে স্লোগান দেন। মিছিল পরবর্তী সমাবেশ থেকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবিরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

যুবলীগ সূত্রে জানা গেছে, সিলেটে যুবলীগের আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হয় ২০০৪ সালের নভেম্বর মাসে। এর পর থেকেই নতুন কমিটি গঠনের তোড়জোড় চলছিল। প্রায় এক দশক পর গতকাল রোববার যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রাজধানীর সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দপ্তরে গিয়ে সিলেট মহানগর যুবলীগের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটির তালিকা জমা দেন। পরে সেখান থেকে কমিটির নাম ঘোষণা করা হয়। তবে ওই কমিটিতে যুবলীগের বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুদীপ দেসহ ‘ত্যাগী’ নেতা-কর্মীরা স্থান পাননি বলে অভিযোগ ওঠে। এ ছাড়া দলের পরীক্ষিত নেতা-কর্মীদের বদলে সুবিধাবাদীরা বেশি গুরুত্ব পেয়েছেন বলেও অভিযোগ তুলেছেন একাংশের নেতা-কর্মীরা।

এ অভিযোগে কমিটি প্রত্যাখ্যান করে আজ নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল করেন। মিছিল শেষে নগরের রেজিস্টারি মাঠে সমাবেশ হয়।

সমাবেশে নগর যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুদীপ দে বলেন, ‘অর্থমন্ত্রী তাঁর ভাগনে জামাই যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবিরকে নিয়ে পকেট কমিটি গঠন করেছেন। ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অর্থমন্ত্রীর পকেট কমিটি যুবলীগ নেতা-কর্মীরা প্রত্যাখ্যান করেছে।’ তিনি বলেন, অবিলম্বে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ থেকে আহমদ আল কবিরকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সমাবেশে মহানগর যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান, সাবেক ক্রীড়া সম্পাদক বিধান পাল, সাবেক আইন সম্পাদক ছাদিকুর রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক গৌতম চক্রবর্তী, যুবলীগের নেতা আবদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

কেন্দ্র থেকে ঘোষিত কমিটিতে আলম খান আহ্বায়ক, মুশফিক জায়গিরদার, আসাদুজ্জামান, সাইফুর রহমান ও সেলিম আহমদকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্য ৫৬ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটি প্রত্যাখ্যান করে একাংশের বিক্ষোভ প্রসঙ্গে নতুন আহ্বায়ক আলম খান বলেন, ‘আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করবে। তখন আর ক্ষোভ-বিক্ষোভ থাকবে না।’