সিলেটে যুবলীগের কর্মীকে জখম করল শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের নেতা-কর্মীদের আড্ডাস্থলে হামলা চালিয়ে যুবলীগের একজন প্রবাসী কর্মীকে কুপিয়ে জখম করেছে ইসলামী ছাত্রশিবির। গত বৃহস্পতিবার নগরের মেজরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে।
২০১২ সালের ৮ জুলাই সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ হয়। এর জের ধরে ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করে ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার জন্য ছাত্রলীগের বহিরাগতদের দায়ী করে। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবির সূত্র ধরে ছাত্রাবাসে অগ্নিসংযোগকারী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দেবাংশ দাসসহ ১৮ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়।
বৃহস্পতিবার রাতে শাহ পরান থানা এলাকার মেজরটিলা এলাকায় ফিজা অ্যান্ড কোম্পানির শপ নামের একটি দোকানে ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় শিবিরের কর্মীরা সেখানে হামলা চালান। এতে কবির হোসেন (৩৫) নামের যুবলীগের যুক্তরাজ্যপ্রবাসী এক কর্মী আহত হন। ছাত্রলীগের নেতা দেবাংশ দাস জানান, পাঁচটি মোটরসাইকেল নিয়ে ১৫ জনের একটি দল হেলমেট পরা অবস্থায় হামলা চালায়। এ সময় তারা জাহাঙ্গীরকে কোপানোর চেষ্টা করে। তাঁকে রক্ষা করতে গিয়ে আক্রমণকারীদের তোপের মুখে পড়েন কবির। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। কবিরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনার পর রাতেই পুলিশ নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের মোহাম্মদ সিরাজ, আবদুর রহিম, মিজানুল হক চৌধুরী ও হুমায়ূন আহমদকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে জালালাবাদ থানা এলাকার একটি মাদ্রাসা থেকে কবির আহমদ ওরফে ডালিম নামের শিবিরের অপর কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এতে এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় ‘প্রতিশোধ’ নিতে আরও হামলার ছক পাওয়া গেছে।